আগামী ২৬ জুন মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন
আগামী ২৬ জুন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৯ মে প্রকাশ করা হবে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত ভোটার তালিকা। আজ রোববার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের জন্য নিয়োগকৃত নির্বাচন কমিশনার এবং বিমান ও পর্যটনসচিব শফিক আলম মেহেদী এ কথা জানান। তথ্য অধিদপ্তরে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্র ও মাঠ পর্যায়ের সব কমিটির কার্যক্রম স্থগিত থাকবে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচন কমিশন থেকে এ ব্যাপারে চিঠি দেওয়া হবে।নির্বাচন কমিশন জানায়, নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৫ মে, মনোনয়নপত্র বাছাই করা হবে ২৬ মে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২ জুন।এর আগে ৬ মে ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে ও মাইগ্রেশন আবেদন গ্রহণ করা হবে, ১০ মে পর্যন্ত খসড়া তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনী আবেদন নিষ্পত্তি করা হবে, সহকারী রেজিস্ট্রেশন কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও মাইগ্রেশন আবেদন জমার শেষ তারিখ ১৩ মে, রেজিস্ট্রেশন কর্মকর্তা কর্তৃক আপিল নিষ্পত্তির তারিখ ১৬ মে, নিস্পত্তিকৃত দাবি, আপত্তি, সংশোধনী ও মাইগ্রেশন আবেদন নিষ্পত্তি শেষ খসড়া সংশোধনী ১৮ মে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইসংক্রান্ত আদেশের বিরুদ্ধে আপিল ৩০ মে, আপিল নিষ্পত্তি ৩১ মে, প্রার্থিতা প্রত্যাহার ১ জুন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩ জুন।উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন করতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট এ নির্বাচন কমিশন গঠন করা হয়।