দেশ থেকে আগামী ৫০ বছর খনিজ সামগ্রী রপ্তানি নিষিদ্ধ করতে জাতীয় সংসদে একটি বেসরকারি বিল উত্থাপন করা হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে উত্থাপিত বিলটি পরে বেসরকারি সদস্যদের বিলসম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।আজ বৃহস্পতিবার সংসদের বেসরকারি সদস্য দিবসে ওয়াকার্স পার্টির রাশেদ খান মেনন খনিজ সামগ্রী রপ্তানি নিষিদ্ধকরণ আইন ২০১০ নামে এ বিল উত্থাপন করেন। এতে বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার তারিখ থেকে ৫০ বছর পর্যন্ত প্রজাতন্ত্রের খনিজ সামগ্রী অশোধিত অথবা প্রক্রিয়াজাত অথবা অন্য কোনো রূপান্তরিত অবস্থায় রপ্তানি করা যাবে না। এ ছাড়া সরকার বা সরকারি কোনো কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তি কোনো পর্যায়েই এ ধরনের খনিজ সামগ্রী রপ্তানি করার সিদ্ধান্ত বা উদ্যোগ নেবেন না। বিলের অপরাধ ও শাস্তির অংশে বলা হয়েছে, কোনো ব্যক্তি ধারা-৪-এর বিধান লঙ্ঘন করে রপ্তানির উদ্যোগ বা সিদ্ধান্ত নেওয়া হলে অপরাধ হিসেবে গণ্য হবে। এ জন্য তিনি ১৪ বছর কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানি নিরাপত্তা যেকোনো অর্থনীতির গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস, কয়লাসহ খনিজ সম্পদের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা জরুরি। জাতীয় এই প্রয়োজন বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ বছরের জন্য গ্যাস রপ্তানি না করার রাষ্ট্রীয় নীতিমালা ঘোষণা করেছেন। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় আসার ৪৮ ঘণ্টার মধ্যে মাটির নিচের গ্যাস রপ্তানি করার ঘোষণা দেয়। জনগণের প্রতিবন্ধকতার মুখে তা সম্ভব হয়নি।