আগামীকাল কাসাবের দণ্ড ঘোষণা
মুম্বাই হামলায় জড়িত একমাত্র জীবিত হামলাকারী আজমল আমির কাসাবের দণ্ড ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। গতকাল মঙ্গলবার আদালত এ কথা বলেন। এর আগে সোমবার কাসাবের বিরুদ্ধে আনা ৮৬টি অভিযোগের সব কয়টিতেই তাঁকে দোষী সাব্যস্ত করেন মুম্বাইয়ের বিশেষ আদালতের বিচারক এম এল তাহালিয়ানি। কাসাবের দণ্ড নিয়ে গতকাল আদালতে সরকারি ও আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। শুনানিতে সরকারপক্ষের আইনজীবী উজ্জ্বল নিকম কাসাবের মৃত্যুদণ্ড প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আদালত কাসাবকে মৃত্যুদণ্ড না দিলে বিচারব্যবস্থাকে উপহাস করা হবে। কাসাব সমাজের কলঙ্ক।’ দুপক্ষের যুক্তিতর্ক শোনার পর বিচারক তাহালিয়ানি বলেন, আগামী ৬ মে তিনি দণ্ড ঘোষণা করবেন। এরপর আগামীকাল পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।২০০৮ সালের ২৬ নভেম্বর থেকে টানা ৬০ ঘণ্টা ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একাধিক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়। এতে হামলাকারী ১০ জনের মধ্যে নয়জন মারা গেলেও বেঁচে যান পাকিস্তানের নাগরিক কাসাব। তাঁকে আটক করার পর প্রায় ১৪ মাস ধরে বিচারকাজ চলে। ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করেছে ভারত।এর আগে মামলার শুনানি চলার সময় প্রথমবার জবানবন্দিতে কাসাব মুম্বাই হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেও, পরে তা অস্বীকার করেন। তিনি দাবি করেন, পুলিশের চাপে পড়ে ওই সময় তিনি দোষ স্বীকার করেছিলেন। মুম্বাই হামলার পর ভারত-পাকিস্তান শান্তি আলোচনা ভেঙে যায় এবং দুই দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।