আগামীকাল পঞ্চগড়ে বিডিআর বিদ্রোহের রায়
পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ২৯ জন জওয়ানের বিচার আজ মঙ্গলবার শেষ হয়েছে। আগামীকাল বিকেল চারটায় রায় ঘোষণা করা হবে। এটি হবে বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা কোনো মামলায় প্রদত্ত প্রথম রায়।২৫ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২-এ আজ সকাল সাড়ে আটটায় বিচার কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর সোয়া দুইটা পর্যন্ত। এ সময় আসামিরা লিখিত ও মৌখিক বক্তব্য এবং যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর সরকারি কৌঁসুলি ও ২৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল হক যুক্তি-প্রমাণ উপস্থাপন করেন। আসামিরা আবার মৌখিক বক্তব্য উপস্থাপন করার পর আদালত আগামীকাল রায়ের তারিখ ঘোষণা করেন।পঞ্চগড় জেলা কারাগার থেকে আসামিদের কড়া নিরাপত্তার মধ্যে সকাল আটটার আগেই আদালতে হাজির করা হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। অন্য বিচারকেরা হলেন লে. কর্নেল মো. মাহফুজুর রহমান ও মেজর দীদার-আল-লতিফ। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়।আদালতে গতকাল সোমবার ২৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। মোট ৪০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার কথা থাকলেও ৩১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিডিআরের কৌঁসুলি লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল হক আর কোনো সাক্ষীর প্রয়োজন নেই বলে আদালতকে জানান।