আগামীকাল বিডিআর সপ্তাহ শুরু
গত বছরের ২৫ ফেব্রুয়ারি বিডিআর সপ্তাহ চলাকালে বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহ ও নৃশংস হত্যাকাণ্ডের এক বছর পর কাল বুধবার থেকে আরও একটি বিডিআর সপ্তাহ শুরু হচ্ছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় পিলখানার দরবার হলসংলগ্ন খোলা জায়গায় এই বিশেষ দরবার অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। দরবার হলে বিডিআর বিদ্রোহের বিচারের জন্য বিশেষ আদালত চলার কারণে এই দরবার সেখানে অনুষ্ঠিত হবে না।বিডিআর সূত্র জানিয়েছে, এই বিশেষ দরবারে বিডিআরের সব কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত থাকবেন। দরবারে ২০০৯ সালে বিডিআরের বিভিন্ন কর্মকাণ্ডে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য বিভিন্ন শ্রেণীতে মনোনীতদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।সর্বশেষ গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল বিডিআর সপ্তাহ। ২৫ ফেব্রুয়ারি বিডিআর সপ্তাহের দ্বিতীয় দিনে বার্ষিক দরবার চলাকালে বিডিআর জওয়ানেরা বিদ্রোহ করেন। সেই বিদ্রোহে প্রাণ হারান বিডিআরের তত্কালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা। এ ছাড়া জওয়ানদের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান কয়েকজন বেসামরিক ব্যক্তি।বিডিআরের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের বিডিআর সপ্তাহ হবে সংক্ষিপ্ত আকারে। এতে প্রধানমন্ত্রীর ভাষণ, কুচকাওয়াজ, টাট্টু শো—কোনো কিছুই থাকছে না।