আগামীকাল ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব আগামীকাল শুক্রবার বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। আঞ্চলিক উৎসবে বিজয়ী ৬০০ শিক্ষার্থী এই উৎসবে অংশ নেবে।মাতৃভাষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়ানোর লক্ষ্যে ২০০৫ সাল থেকে আয়োজন করা হচ্ছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ। দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে এ আয়োজন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। এ বছর অনুষ্ঠিত হচ্ছে ভাষা প্রতিযোগের নবম উৎসব। ইতিমধ্যে দেশের ১০টি অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক উৎসব। অঞ্চলগুলো হলো মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, যশোর, বরিশাল, কিশোরগঞ্জ, বগুড়া, নীলফামারী এবং ঢাকা (১ ও ২)।সকাল নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভাষা প্রতিযোগের দিনব্যাপী জাতীয় উৎসবের সূচনা হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনজু আরা বেগম এবং ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করবেন ভাষা প্রতিযোগ পর্ষদের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক মাহবুবুল হক, অধ্যাপক দানীউল হক, এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমসহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষকেরা উৎসবে অংশ নেবেন। সংগীত পরিবেশন করবেন বাপ্পা মজুমদার, অদিতি মহসীন, সজীব, রিংকু ও পড়শী। জাদুশিল্পী রাজীব বশাক দেখাবেন জাদু। সকাল আটটায় আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিবন্ধন শুরু হবে। ৬০ জন বিজয়ীকে জাতীয় উৎসবে পুরস্কৃত করা হবে।