আগামীকাল মহান বিজয় দিবস
আগামীকাল বৃহস্পতিবার মহান বিজয় দিবস। বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর বুকে তুলে ধরতে ১৯৭১ সালে তত্কালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর বাঙালির চূড়ান্ত বিজয়ের মুহূর্তগুলো স্মরণের মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হবে।১৯৭১ সালের এই দিনে পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল এ এ কে নিয়াজী ৯৩ হাজার সেনা নিয়ে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ কমান্ডের কাছে নিঃশর্তে আত্মসমর্পণ করেন। চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশের।জাতি গঠনে স্বাধীনতার চেতনা পুনরুজ্জীবিত করতে দিবসটি সরকারিভাবে উদযাপনে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামীকাল সকালে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হবে।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। কাল সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিকরা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ জনগণ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।তেজগাঁও পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিএনসিসি, বাংলাদেশ রাইফেলস, পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, কারারক্ষী ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সমন্বয়ে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজও অনুষ্ঠিত হবে। এ সময় রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করবেন। এ ছাড়াও বিমানবাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ডের যান্ত্রিক বহরের প্রদর্শনীও অনুষ্ঠিত হবে।এ দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি বঙ্গভবনে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তির সঙ্গে সংবর্ধনায় মিলিত হবেন।দিবসটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটির তাত্পর্য তুলে ধরে সংবাদপত্রে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হবে এবং সরকারি ও বেসরকারি বেতার ও টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালাও প্রচারিত হবে।এ ছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রমসহ এ ধরনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি নিয়েছে।আওয়ামী লীগের দুই দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন, টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল এবং বিকেল তিনটায় বিজয় শোভাযাত্রা। পরের দিন ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। —বাসস