আগামীকাল শহীদ ডা. মিলন দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শনিবার স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে নিহত ডা. মিলনের ২০তম শাহাদাতবার্ষিকী। ১৯৯০ সালের এই দিনে স্বৈরশাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বৈরশাসকদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে তিনি নির্মমভাবে নিহত হন।শহীদ ডা. শামসুল আলম খান মিলনের রক্তদানের মধ্য দিয়ে সেদিন স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতিবেগ সঞ্চারিত হয় এবং ছাত্র গণ-অভ্যুত্থানের ভেতর দিয়ে স্বৈরশাসনের পতন ঘটে। সেই থেকে প্রতি বছর দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই দিনটিকে শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালন করে আসছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এলজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আজ শুক্রবার এক বিবৃতিতে যথাযোগ্য মর্যাদায় মিলন দিবস পালনের জন্য নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে।কর্মসূচির মধ্যে ডা. মিলন সংসদ আগামীকাল সকাল আটটায় ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলনের সমাধিতে ও সকাল সাড়ে আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার প্রাঙ্গণে ডা. মিলন স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সড়ক দ্বীপে (মিলন চত্বরে) আলোচনা সভার আয়োজন করেছে।এ ছাড়া আজ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহীদ ডা. মিলন স্মরণে ব্যাপক কর্মসূচি নিয়েছে দলটি। জাসদ কেন্দ্রীয় কমিটি আগামীকাল সকাল আটটায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ ডা. মিলনের কবরে ও সকাল সাড়ে আটটায় টিএসসিসংলগ্ন ডা. মিলন স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। এ ছাড়া এদিন বিকেল চারটায় জিপিওর সামনে ৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউর তিন তলায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভারও আয়োজন করেছে জাসদ।বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও একই ধরনের কর্মসূচির আয়োজন করেছে।শহীদ ডা. মিলনের কবরে ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করার পাশাপাশি ডা. মিলন হত্যার বিচারের দাবিতে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।—বাসস।