আগামীকালের নির্বাচন জাপানের ক্ষমতাসীন দলের জন্য একটি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের জন্য প্রস্তুত এখন জাপান। কাল রোববার এই মধ্যবর্তী সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছরের নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই হবে জাপানের প্রথম জাতীয় নির্বাচন। এর আগে এলডিপি অর্ধশতকব্যাপী ক্ষমতায় ছিল।কোজি কুবোতা নামের ৭৪ বছর বয়সী একজন অবসরপ্রাপ্ত ডাক বিভাগীয় কর্মকর্তা জানান, এলডিপি যখন হেরে যায় তখন কিছু একটা শেষ হয়। কিন্তু এর পরে কী ঘটবে, সে ব্যাপারে কেউ এখন নিশ্চিত নয়।অবশ্য রোববারের নির্বাচন সরকারে কোনো সরাসরি পরিবর্তন আনবে না। কারণ, এটি শুধু সংসদের উচ্চকক্ষের নির্বাচন, নিম্নকক্ষের নয়; যার ক্ষমতা অনেক বেশি এবং যেটি প্রধানমন্ত্রী নির্বাচন করে। কিন্তু তার পরও এই নির্বাচনকে ডেমোক্র্যাট সরকারের ওপর একটি গুরুত্বপূর্ণ গণভোট হিসেবে ব্যাপকভাবে গণ্য করা হচ্ছে। ১৯৯৫ সাল থেকে জাপানে ক্ষমতায় থাকা এলডিপিকে নির্বাচনে হারিয়ে ডেমোক্র্যাটরা মাত্র নয় মাস আগে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে। গত মাসে ইউকিও হাতোয়ামা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করার পর তাঁর উত্তরসূরি নাওতো কানের নেতৃত্বে ডেমোক্র্যাটদের মধ্যে কিছু দিনের জন্য নতুন শক্তি সঞ্চার ঘটে। কিন্তু কান ভোগ্যপণ্যের ওপর কর বাড়ানোর প্রস্তাব করলে তাদের জনপ্রিয়তায় দ্রুত ধস নামে। কান তখন তাঁর প্রস্তাব প্রত্যাহার করে ডেমোক্র্যাটদের অবস্থান আরও নাজুক করে তোলেন। এর ফলে এ রকম আশঙ্কা তৈরি হয় যে জাপানিরা যখন এমন একজনকে খুঁজছে যে দুই দশকব্যাপী অর্থনৈতিক মন্দা থেকে দেশটিকে বের করে আনার পথ দেখাবে তখন নাওতো কান একজন দুর্বল নেতা হিসেবে প্রমাণিত হতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এর পাশাপাশি সামাজিক বৈষম্য বাড়ার কারণে ক্রমবর্ধমান হতাশা এবং মানুষের জীবনযাত্রার মান কমে যাওয়ায় ভোটাররা প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হয়ে উঠেছেন।অন্যদিকে এলডিপি, যেটি এখন জাপানের সবচেয়ে বড় বিরোধী দল, তার প্রতিপক্ষের ভুল পদক্ষেপগুলো থেকে কোনো ফায়দা লুটতে পারেনি। বরং তারা ডেমোক্র্যাটদের প্রায় অনুরূপ একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, ভোগ্যপণ্যের ওপর কর বাড়ানোর প্রস্তাবও যার অন্তর্ভুক্ত।—দ্য নিউইয়র্ক টাইমস