আগামীতে ১৪৪ ধারা ভাঙতে প্রস্তুত থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক দলের নেতা-কর্মীদের আগামীতে ১৪৪ ধারা ভাঙতে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আগামীতে আমাদের মিছিল ও সভা-সমাবেশে যদি ১৪৪ ধারা জারি করা হয়, তবে তা ভাঙার নির্দেশ দেওয়া হবে। আপনারা সেজন্য প্রস্তুত থাকবেন। প্রয়োজনে প্রথম লাশ হওয়ার জন্য আমি প্রস্তুত আছি।’ আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইসহাক এ কথা বলেন। আজকের সম্মেলনে মুফতি ফজলুল হক আমিনীর আসার কথা থাকলেও অবরুদ্ধ থাকার কারণে তিনি আসতে পারেননি বলে মাওলানা মোহাম্মদ ইসহাক অভিযোগ করেন। তিনি প্রশ্ন রাখেন, ‘কী অপরাধে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়েছে? তাঁকে যদি এভাবে অবরুদ্ধ করে রাখা হয়, তাহলে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে। বাংলাদেশে ওলামায়ে কেরামরা এত দুর্বল নয়।’ সমাবেশে মোহাম্মদ ইসহাক তিন মাসের সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করে বলেন, ঈদের পর বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। বাধা এলে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল-মিটিং করা হবে, তাতে জীবন থাকুক আর না থাকুক।আজকের সম্মেলনে আরও বক্তব্য দেন দলের মহাসচিব আহমদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান প্রমুখ।