আগারগাঁওয়ে ওয়ার্ড বিএনপির নেতাকে গুলি করে হত্যা
রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় বিএনপির নেতা ও কেব্ল নেটওয়ার্কের ব্যবসায়ী আবদুল বাকী ওরফে মিল্টনকে (৪০) গুলি করে হত্যা করা হয়েছে। আগারগাঁও তৃতীয় শ্রেণী কর্মচারী স্টাফ কোয়ার্টারের ভেতরে শেরেবাংলা নগর কেবল নেটওয়ার্কের কার্যালয় থেকে গতকাল বুধবার সকালে পুলিশ তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে।শেরেবাংলা নগর থানার পুলিশ বলেছে, বাকীর মাথা, গলা ও পিঠে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আগারগাঁওয়ে একটি জমি নিয়ে বিরোধের জের ধরে বন্ধু ও সহযোগীরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে।স্বজনেরা জানান, বাকী ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও শেরেবাংলা নগর কেব্ল নেটওয়ার্কের মালিক ছিলেন।নিহত বাকীর ভাই আবদুল বাতেন বলেন, বাকী স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে পশ্চিম শেওড়াপাড়ার ভাড়া বাসায় থাকতেন। গত মঙ্গলবার বিকেল চারটার দিকে তিনি বাসা থেকে বের হন। রাত ১১টার দিকে সর্বশেষ তাঁর সঙ্গে তাঁর ভায়রার মুঠোফোনে কথা হয়। রাতে ওই ভায়রার বাসায় তাঁর দাওয়াত ছিল। রাত ১১টার পর তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। খবর পেয়ে তিনি (বাতেন) গতকাল সকাল নয়টার দিকে আগারগাঁওয়ে গিয়ে বাকীকে রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখেন।স্থানীয় লোকজন জানান, স্টাফ কোয়ার্টারের ভেতরে জায়গা দখল করে গড়ে তোলা ওই কেব্ল নেটওয়ার্কের কার্যালয় থেকে সকাল ১০টার দিকে বাকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই কার্যালয়ের আশপাশের বাসিন্দারা জানান, তাঁরা মঙ্গলবার রাতে গুলির শব্দ শোনেননি।নিহত বাকীর মামা আগারগাঁওয়ের বাসিন্দা আবুল কাশেম বলেন, সকালে মামুন নামের এক যুবক বাকীর বাসায় গিয়ে হত্যাকাণ্ডের খবর দেন। তিনি খবর পেয়ে ওই কার্যালয়ে গিয়ে দেখেন, পুলিশ লাশ বের করছে। এরপর পুলিশ পানি দিয়ে ঘরটি ধুয়ে ফেলে। তিনি বলেন, ‘আমি পুলিশরে বারবার কইছি, আপনারা কেন আলামত ধুইয়া ফেলতাছেন। তাঁরা আমার কথা শোনেনি।’দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, ওই কার্যালয় তালাবদ্ধ, দরজার নিচে থকথকে কাদা। পাশে পড়ে আছে ভেজা গামছা, ডিটারজেন্ট পাউডারের প্যাকেট। স্থানীয় লোকজন জানান, এসব দিয়ে ঘরটি ধোয়া হয়।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, ওই কার্যালয় ধুয়ে ফেলার প্রশ্নই আসে না। পুলিশ কেন তা করবে, এতে পুলিশের কী লাভ? পুলিশ তদন্তের জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে এনেছে। তিনি বলেন, পুলিশ নিহত বাকীর স্ত্রী ও স্বজনদের সঙ্গে কথা বলেছে। তাঁদের কাছ থেকে তথ্য নিয়ে তদন্ত শুরু হয়েছে। পরিবারের ধারণা, বাকীর বন্ধুদের কেউ এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।এক প্রশ্নের জবাবে ইমাম হোসেন বলেন, বাকী ডিশের ব্যবসাসহ বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন। তবে আগারগাঁওয়ে একটি জমি নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধের তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে এমন পাঁচজনকে শনাক্ত করেছে পুলিশ। তাঁদের তিনজন বাকীর বন্ধু। অপর দুজন সম্ভবত ভাড়াটে খুনি। ওই জমি নিয়ে বিরোধে তাঁরা বাকীকে হত্যা করে থাকতে পারেন। জমিটি নিয়ে আগে সালিসও হয়েছে।শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, বাকীর বাসায় খবর দেওয়া যুবক মামুনসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।