আগারগাঁওয়ে সমবায় মেলা
চাদরে করা হয়েছে হাতের কাজ। সুই আর সুতোয় ফুটিয়ে তোলা হয়েছে বাহারি নকশা। গ্রামের সহজ-সরল নারীদের হাতে উঠে এসেছে মনোহর সব দৃশ্য। চাদরটি হয়ে উঠেছে একটি শিল্প। চাদরের পাশাপাশি শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, বালিশের কাভারসহ বিভিন্ন পণ্য শোভা পাচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় মেলার স্টলগুলোতে। জাতীয় অর্থোপেডিকস হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) বিপরীত পাশে বসেছে এই মেলা। এর আয়োজক পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সমবায় অধিদপ্তর। মেলায় সরকারি-বেসরকারি ৬২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।গ্রামের নারীদের হাতে তৈরি বিভিন্ন পণ্য নিয়ে হাজির হয়েছে সমবায় সমিতি। এসব সমিতির নিজস্ব জায়গায়ও অনেক মহিলা এসব তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। মেলায় মোট ৫৪টি সমবায় সমিতি অংশ নিয়েছে। আবার সমিতির স্টলে হস্তশিল্প সামগ্রী ছাড়াও রয়েছে চামড়া, পাট, বাঁশ ও বেতের তৈরি পণ্য, মৃৎশিল্প ও প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। মিল্কভিটা দুধ ও দুগ্ধজাত পণ্য পাওয়া যাচ্ছে একটি স্টলে। আবার দুপুরে নানা রকমের ভর্তা দিয়ে খাবারের ব্যবস্থাও রয়েছে আশার আলো বহুমুখী সমবায় সমিতির স্টলে। বিভিন্ন রকম পিঠা পাওয়া যাচ্ছে সুরভী মহিলা সমবায় সমিতির স্টলে। মাস্তুল সমবায় সমিতির স্টলে খাবারের কাঁচাপণ্য বিক্রি করছে। একই সঙ্গে তারা রক্তের ডোনার খুঁজছে। গাছের চারা, শুকনো খাবার ও বই বিক্রি করতেও দেখা গেল আলাদা স্টলে। আবার ক্রোকারিজ পণ্য, কম্পিউটার সফটওয়্যার, ফায়ার ফাইটিং সামগ্রীসহ বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। মিরপুরের তাবাসসুম বলেন, ‘মেলায় হাতে তৈরি পণ্য পাচ্ছি, এটা ভালো একটা বিষয়। তবে মেলার কথা অনেকেই জানে না।’কুমিল্লা থেকে আসা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর স্টলে গ্রাম উন্নয়নবিষয়ক বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীর স্টলে প্রদর্শিত হচ্ছে আগের প্রযুক্তির যন্ত্রপাতি। আটটি সরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে সমবায় মেলায়। এতে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। গান, নাচ, নাটক প্রদর্শিত হয় তাতে। পল্লী উন্নয়নে সমবায় কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য দূর করতে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য বাজারজাত করার জন্যই এই মেলার আয়োজন। এতে ভোক্তারা সরাসরি ভালো পণ্য পাচ্ছে আবার উৎপাদকেরাও ভোক্তাদের চাহিদা বুঝতে পারছে। এমনটাই জানালেন পল্লী উন্নয়ন ও সমবায় মেলার উপকমিটির আহ্বায়ক এবং সমবায় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধক প্রতুল কুমার সাহা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকছে মেলা। পল্লী উন্নয়ন ও সমবায় মেলার শেষ হবে ৩ ডিসেম্বর।