আগারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তার মৃত্যু
প্রাতর্ভ্রমণে বেরিয়েই প্রাণ হারালেন কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির (৪২)। গতকাল বুধবার সকালে আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরোর সামনে বেপরোয়া গতির মাইক্রোবাসের চাপায় তাঁর মৃত্যু হয়। তিনি কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, হুমায়ুন কবির সপরিবারে আগারগাঁও-সংলগ্ন ৩৫/আই, তালতলা অফিসার্স কোয়ার্টারের পাঁচতলায় থাকতেন। প্রতিদিনের মতো গতকাল ফজরের নামাজ পড়ে সকাল সোয়া ছয়টার দিকে তিনি হাঁটতে বের হন। আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরোর সামনে এলে একটি মাইক্রোবাস তাঁকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত হুমায়ুন কবিরের স্ত্রীর বড় ভাই রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, সময়মতো বাসায় ফিরে না আসায় পরিবারের সবাই চিন্তিত হয়ে খোঁজাখুঁজি শুরু করে। সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল থেকে বাসায় ফোন করে মৃত্যুর খবর জানানো হয়। স্বামীর মৃত্যুর কথা শুনে হুমায়ুনের স্ত্রী কামরুননাহার জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কামরুননাহার বলেন, ‘আমার যে সব শেষ হয়ে গেল! অবুঝ সন্তানদের নিয়ে কোথায় যাব? কে ওদের পড়াশোনার খরচ জোগাবে?’রফিকুল ইসলাম জানান, হুমায়ুনের শত বছরের বৃদ্ধ মা তাঁর সঙ্গে কোয়ার্টারেই থাকেন। তাঁকে বলা হয়েছে, হুমায়ুন অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। তাঁর লাশ গ্রামের বাড়িতে নেওয়া হবে। সঙ্গে বৃদ্ধ মাকে নেওয়া হবে। তিনি জানান, হুমায়ুনের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তার বড় মেয়ে মনিপুর স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, হুমায়ুন কবিরকে চাপা দিয়ে চালক মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে গেছে। দুর্ঘটনায় মৃত্যুর অভিযোগে মামলা হয়েছে।গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে হুমায়ুনের লাশ তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠির শুটিয়াকাঠিতে নেওয়া হয়। তাঁর বাবার নাম কবির আমজাদ হোসেন।