আগারগাঁওয়ের দেড় লাখ মানুষ অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ের পশ্চিম কাফরুলের ২৩৮ নম্বর রোকেয়া সরণিসংলগ্ন সড়কে ওয়াসার স্টর্ম স্যুয়ার (বৃষ্টির পানি নামার নর্দমা) লাইন নির্মাণের কাজ চলছে। এ কারণে সড়কটি দেড় মাস ধরে বন্ধ হয়ে আছে। আগারগাঁও তালতলা, পীরেরবাগ, আমতলা, মোল্লাপাড়া, জনতা হাউজিংয়ের বাসিন্দাদের এলাকায় ঢোকার এটাই মূল সড়ক। অবশ্য বিকল্প হিসেবে শামীম সরণি হয়ে এবং জনতা হাউজিংয়ের ভেতর দিয়ে সড়ক ব্যবহার করতে পারে এই বাসিন্দারা। কিন্তু ওই দুটি রাস্তাও বন্ধ হয়ে আছে। তাই কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকার প্রায় দেড় লাখ মানুষ।গত শনিবার পশ্চিম কাফরুলের ওই সড়ক ঘুরে দেখা গেছে, সড়কটির ঢোকার মুখেই ওয়াসার স্টর্ম স্যুয়ার লাইন নির্মাণের কাজ চলছে। এটি তৈরির জন্য গর্ত করে তার মাটি রাস্তায় ফেলে রাখা হয়েছে। ফলে রাস্তা আগের চেয়ে উঁচু হয়ে গেছে। আর স্টর্ম স্যুয়ার তৈরির জন্য করা গর্তের ওপর দুটি কাঠ বিছিয়ে দেওয়া হয়েছে লোকজনের চলাফেরা করার জন্য। ওই রাস্তা দিয়েই চলাচল করছে এলাকাবাসী। এমনকি দুপুরে বিদ্যালয় ছুটির পর শিশুদেরও ঝুঁকি নিয়ে ওই কাঠের ওপর দিয়ে যেতে দেখা গেছে। ভুক্তভোগীরা আগারগাঁও কলোনির দেয়াল ভেঙে আসা-যাওয়া করছেন। এলাকাবাসী জানায়, এপ্রিল মাসে শুরু হওয়া একটি স্টর্ম স্যুয়ারের নির্মাণকাজ শেষ করতে মাস খানেক লাগার কথা। কিন্তু দেড় মাস পার হলেও অর্ধেক কাজ শেষ হয়নি। তাদের অভিযোগ, স্টর্ম স্যুয়ারের নির্মাণকাজ শুরু হওয়ার পর পশ্চিম কাফরুল এলাকার প্রভাবশালী হাসান উদ্দিন আহমেদ ওই সড়কে তাঁর মালিকানা দাবি করে নির্মাণকাজ বন্ধ করে দেন। সড়কটির পাশের হাসান ফিলিং স্টেশনের মালিক তিনি। এলাকার বেশ কয়েকজন বাসিন্দা এই দুর্ভোগের জন্য তাঁকে দায়ী করেন।অভিযোগ অস্বীকার করে হাসান উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি পুরো জায়গার মালিক নই। নয় ফুট জায়গা আমার। ওই জায়গাও মানুষের ব্যবহারের জন্য ছেড়ে দিয়েছিলাম। ওয়াসার কাজ আমি বন্ধ করিনি।’ তবে হাসান উদ্দিন জানান, ওই জায়গায় তাঁর একটি দোকান ছিল। ২০০৩ সালে বস্তি উচ্ছেদের সময় সেটি ভেঙে ফেলে গণপূর্ত বিভাগ। এ বিষয়ে তিনি হাইকোর্টে রিট করেছেন। এলাকাবাসীর অভিযোগ, ওই মামলাকে কেন্দ্র করেই মানুষের এই দুর্ভোগ। সাবেক ওয়ার্ড কমিশনার এবং জাতীয় পার্টির সাবেক নেতা হিসেবে তাঁর প্রভাবের কাছে সবাই জিম্মি। অবশ্য হাসান উদ্দিন বলেন, তিনি জাতীয় পার্টির নেতা নন, কখনো ছিলেন না এবং প্রভাবও খাটাননি।এলাকার একজন বাসিন্দা জানান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক স্থানীয় পুলিশকে বিষয়টি দেখভাল করতে বলেছেন। তিনি ওই এলাকা পরিদর্শনে যাওয়ার কথা বললে রাস্তার কাজ শুরু হয়েছে। শামীম সরণিতে খানাখন্দ, ম্যানহোলে নেই ঢাকনা: পশ্চিম কাফরুলের ওই সড়ক ছাড়াও পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি হয়ে পীরেরবাগ, আমতলা, মোল্লাপাড়া, জনতা হাউজিংয়ে যাওয়া যায়। সরেজমিনে দেখা গেছে, ওই সরণির পুরোটাই খানাখন্দে ভরা। গত শুক্রবার দিবাগত রাতের বৃষ্টিতে রাস্তার ওপর পানি জমে আছে।তা ছাড়া শামীম সরণি ধরে একটু এগিয়ে গেলেই চোখে পড়ে বড় বড় দুটো ম্যানহোল, এর কোনোটিতেই ঢাকনা নেই। আর বৃষ্টির কারণে ম্যানহোল উপচে রাস্তায় পড়ছে পয়োবর্জ্য আর দুর্গন্ধযুক্ত পানি। এমনিতেই ওই রাস্তাটি ছোট, তার ওপর ম্যানহোলটির আয়তন এত বড় যে গাড়ি, রিকশাসহ কোনো যানবাহনই ম্যানহোল ডিঙিয়ে সামনে যেতে পারে না। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আয়েশা খাতুন জানান, শামীম সরণির মাঝামাঝি একটি জায়গায় তাঁর বাসা। কিন্তু রিকশা আর যাবে না, তাই তাঁকে নামিয়ে দিয়েছে। জনতা হাউজিংয়ের ভেতর রাস্তা কাটা: জনতা হাউজিংয়ের ভেতরের একটি রাস্তা দিয়েও মোল্লাপাড়া, পীরেরবাগ যাওয়া যায়। কিন্তু জনতা হাউজিংয়ের ফটকের পর থেকেই মোল্লাপাড়া পর্যন্ত পুরো রাস্তাটিই বন্ধ। ওই রাস্তায় ওয়াসার পানির পাইপলাইন বসানোর কাজ করছে বলে কিছুদূর পরপরই রাস্তা কাটা। রাস্তার ওপর বড় বড় পাইপ ফেলে রাখা হয়েছে। পাইপ রাস্তার পুরোটাই দখল করে আছে। তাই ওই রাস্তা দিয়ে গাড়ি, রিকশাসহ কোনো যানবাহনই চলাচল করতে পারে না। কোনোরকমে ওই রাস্তা দিয়ে চলাচল করছে এলাকাবাসী। মোল্লাপাড়ার আলম স্টোরের স্বত্বাধিকারী মো. আলম হোসেন প্রথম আলোকে জানান, রাস্তায় গাড়ি চলাচল করতে না পারায় কষ্টে আছেন। চালের বস্তাভর্তি গাড়ি মোল্লাপাড়া পর্যন্ত আসে, এরপর ওই বস্তা মাথায় করে দোকানে আনতে হয়।এসব বিষয়ে জানতে চাইলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, চলতি মে মাসের মধ্যেই রাজধানীর সব স্থানের খোঁড়াখুঁড়ি শেষ করার জন্য চেষ্টা চলছে। এই স্টর্ম স্যুয়ারটির কাজও শিগগিরই শেষ করা হবে।ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বলেন, জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখে মে মাসের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। ওয়াসাসহ বিভিন্ন সংস্থা বলে থাকে যে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে দাতাগোষ্ঠী তাদের অর্থ তুলে নিতে পারে। তাই এসব সংস্থাকে তাড়াতাড়ি কাজ শেষ করতে তাগাদা দেওয়া হচ্ছে।