আগুন আতঙ্কে আহত ১৫
ঢাকার অদূরে সাভার বাসস্যান্ড এলাকায় আল মুসলিম গ্রুপের একটি কারখানায় আজ সোমবার আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে ভবন থেকে বের হতে গিয়ে ১৫ জন আহত হয়েছেন। এদিকে প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার লিমিটেড নামের আরেকটি পোশাক কারখানায় আগুন লাগলেও কর্তৃপক্ষ নিভিয়ে ফেলে। আগুন আতঙ্কে বাইপাইল এলাকার পাঁচটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়।শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, সকালে আল মুসলিম গ্রুপের একটি কারখানায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে ১৫ শ্রমিক আহত হন।সাভার বাসস্ট্যান্ড এলাকায় বহুতল বাণিজ্যিক ভবনের চার, পাঁচ ও ছয় তলায় আল মুসলিম গ্রুপ ও জোভিয়ান সোয়েটার কারখানায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন।সকাল নয়টার দিকে প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার লিমিটেডের চারতলায় একটি সুইং মেশিনের জয়েন্ট থেকে আগুন বের হতে থাকে। সঙ্গে সঙ্গে ওই কারখানায় ফায়ার অ্যালার্ম বাজানো হলে শ্রমিকেরা বের হয়ে যান। পরে কারখানা কর্তৃপক্ষ আগুন নিভিয়ে ফেলে।সকাল পৌনে নয়টার দিকে বাইপাইল এলাকার বার্জ গ্রুপের একটি কারখানার নিচ তলায় জেনারেটর চালু করলে প্রচণ্ড শব্দ ও ধোঁয়া বের হয়। পাশের ফাহামী গ্রুপের শ্রমিকেরা এ সময় ‘আগুন’ ‘আগুন’ করে চিত্কার করতে থাকেন। একপর্যায়ে ফাহামী, বার্জ, হানারু ফ্যাশন, সিজান গ্রুপসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা আতঙ্কে বের হয়ে আসেন। এসব কারখানায় অন্তত ১০ হাজার শ্রমিক কাজ করছিলেন। পরে কারখানা পাঁচটিতে আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।