আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ১০০
রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ার বেরন এলাকায় অবস্থিত তৈরি পোশাক কারাখানা এনভয় কমপ্লেক্সে আজ শনিবার আগুন আতঙ্কে হুড়োহুড়ির ঘটনায় প্রায় ১০০ জন শ্রমিক আহত হয়েছেন। সকাল পৌনে আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশ করার সময় অগ্নিসংকেত বেজে উঠলে তাঁদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে ওই কারখানার শ্রমিকেরা নারী ও পুরুষদের জন্য তৈরি আলাদা সিঁড়ি দিয়ে সাততলা ভবনের বিভিন্ন তলায় যাচ্ছিলেন। পৌনে আটটার দিকে ষষ্ঠ তলার অগ্নিসংকেতের যন্ত্রটি হঠাৎ করে বেজে ওঠায় শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় ভবনের ভেতরে বিভিন্ন তলায় শ্রমিকেরা ও সিঁড়িতে থাকা শ্রমিকেরা একসঙ্গে হুড়োহুড়ি করে নিচে নামতে শুরু করেন। একপর্যায়ে নারী শ্রমিকদের সিঁড়ির নিচতলার রেলিং ভেঙে পড়লে শতাধিক শ্রমিক নিচে পড়ে যান। এতে নারী ও পুরুষসহ প্রায় ১০০ শ্রমিক আহত হন।ঘটনার পর আহত শ্রমিকদের আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম আলো ডটকমকে জানায়, ২৫ জনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। ৬৪ জন নারী শ্রমিক চিকিত্সাধীন রয়েছেন। শিল্পী (২৬) নামের এক নারী শ্রমিকের হাতের হাড় ভেঙে যাওয়ায় তাঁকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।প্রথম আলো ডটকমকে দেওয়া এনভয় গার্মেন্টসের মালিক ও বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শিদীর ভাষ্য, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। কোনো শ্রমিক হয়তো ভুলবশত ফায়ার অ্যালার্ম (অগ্নিসংকেত) যন্ত্রের সুইচে চাপ দেওয়ায় তা বেজে উঠেছে। ঘটনার তদন্ত চলছে। তিনি বলেন, আহত শ্রমিকদের চিকিত্সার সব ব্যবস্থা করবে কারখানা কর্তৃপক্ষ। তারা সুস্থ না হওয়া পর্যন্ত তাদের ছুটি মঞ্জুর করা হবে।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল প্রথম আলো ডটকমকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ষষ্ঠ তলার ফায়ার অ্যালার্মের সুইচের প্লাস্টিকের কভারটি খোলা অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখেন একজন শ্রমিক। তিনি সেটি উঠিয়ে সুইচের ওপর লাগাতে গেলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। তখন শ্রমিকেরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।