একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে তারুণ্যের প্রতিবাদ চলছেই। টানা ১৫ দিন পার করল এই আন্দোলন। রাত-দিন ২৪ ঘণ্টাই প্রতিবাদী স্লোগান, কবিতা আর গানে আগুন ঝরছে তারুণ্যের কণ্ঠে। কারও চোখে-মুখে নেই এতটুকু ক্লান্তির ছাপ।অন্যান্য দিনের মতো গতকাল মঙ্গলবারও তারুণ্যের আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে সেখানে আসেন নানা শ্রেণী-পেশা ও নানা বয়সের মানুষ। তরুণদের সঙ্গে তাঁরা কণ্ঠ মিলিয়েছেন। মানবতাবিরোধী সব অপরাধীর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ছিল তাঁদের কণ্ঠে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ আন্দোলনকে করেছে আরও উদ্দীপ্ত।শাহবাগ থেকে ইতিমধ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার বিকেল চারটা ১৩ মিনিটে শহীদদের উদ্দেশে লেখা চিঠি বেলুনে ওড়ানো হবে। কাল বৃহস্পতিবার বিকেলে শাহবাগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় প্রত্যাখ্যান করে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে ওই দিন বিকেলে শাহবাগে অবস্থান নেন।আছেন জাহানারা ইমামও: বেলা দুইটার দিকে শাহবাগ থেকে মৎস্য ভবনের দিকের সড়কদ্বীপে টাঙানো হয় শহীদজননী জাহানারা ইমামের বড় ছবি। প্রজন্ম চত্বরে বেশ কয়েক দিন আগেই তাঁর ছবি টাঙানো হয়। তবে বৃষ্টির কারণে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আজ নতুন করে ছবিটি লাগানো হয়। তাঁর এই ছবি প্রতিনিয়ত তরুণদের উজ্জীবিত করে; মনে করিয়ে দেয় একাত্তরের ঘাতক-দালালদের নির্মূলের জন্য তিনি যে আন্দোলন শুরু করেছিলেন, নতুন প্রজন্ম তা ঠিকভাবেই এগিয়ে নিচ্ছে।সংহতি প্রকাশ: গতকাল শাহবাগের আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে যান সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান; গণফোরামের সভাপতি ও সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাংসদ আ ক ম মোজাম্মেল হক, চলচ্চিত্র-নির্মাতা তানভীর মোকাম্মেল প্রমুখ।আরও একাত্মতা জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান। নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর গতকালও ছিলেন শাহবাগের গণজাগরণ মঞ্চে।তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তরুণেরা জেগেছে। মানবতাবিরোধী অপরাধীদের বিচার হবেই। তরুণ প্রজন্ম নতুন করে যুদ্ধ শুরু করেছে। তাদের বিজয় হবেই।নামাজের জন্য বিরতি: আজান ও নামাজের জন্য গণজাগরণ মঞ্চ কিছু সময়ের জন্য বিরতি দিচ্ছে। এ সময় বন্ধ থাকছে স্লোগান, প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি।গতকাল গণজাগরণ মঞ্চে কয়েকজন আন্দোলনকারী বলেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির এবং তাদের দোসররা আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা এ ব্যাপারে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।বারডেমের সামনের রাস্তায় গাড়ি চলছে: বারডেম হাসপাতালের সামনে দিয়ে মৎস্য ভবনের দিকে যাওয়ার সড়ক দিয়ে গতকাল সকাল থেকে অল্পসংখ্যক গাড়ি চলাচল করেছে। তবে বিকেলের দিকে ভিড় বাড়ার পর যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে কর্তব্যরত ট্রাফিক বিভাগের কনস্টেবল হামিদুর রহমান বলেন, কোনো রাস্তায়ই পুরোপুরি ছেড়ে দেওয়া হয়নি। এ সড়কটি দিয়ে অল্প কিছু গাড়ি যাচ্ছে।