আগুন নিভুক প্রতিশোধের
২০০৭-এর ১৫ এপ্রিল আয়ারল্যান্ড যে ‘এপ্রিল ফুল’-এর উপহার দিয়েছিল, বাংলাদেশ তা ভোলেনি। ২০০৯-এর ‘ছোট বিশ্বকাপে’ও যে আইরিশরা বিষম যাতনা দিয়েছিল, লাল-সবুজের দেশ সেটিও ভোলেনি। গত জুলাইয়ে নিজেদের মাঠে মওকা পেয়ে আয়ারল্যান্ড যে হূদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে, সাকিবরা তা ভোলেননি, ভুলতে পারেন না।জয় অনুপ্রেরণার চিরন্তন উৎস। কিন্তু আমরা প্রেরণার নুড়ি পাথর কুড়িয়ে নেব পরাজয়ের ক্ষত থেকেই। প্রবঞ্চনা-বোধই যে আমাদের সবচেয়ে বেশি তাতিয়ে দেয়। আমাদের ভেতর জন্ম নেয় ক্ষোভের বারুদ। আমাদের রাজনৈতিক ইতিহাস সেই সাক্ষী। দেয়ালে পিঠ ঠেকে গেলেই আমরা ফুঁসে উঠি আহত বাঘের মতো। ফুঁসে ওঠে আমাদের অহংবোধ। ব্রিজটাউন, নটিংহাম আর বেলফাস্টই তাই প্রতিশোধের তুষের আগুন জ্বালিয়ে রেখেছে।ব্রিজটাউনে গত বিশ্বকাপের সেই পরাজয়ের শোধ বাংলাদেশ তুলেছে পরের বছর, তিন ম্যাচ সিরিজ খেলতে এসে আইরিশরা যখন বাংলা-ধোলাইয়ের শিকার হয়ে ফিরে গেছে নিজ দেশে। আমাদের স্পিন-ধাঁধার কোনো জবাব তাদের কাছে নেই। জানা নেই তামিম-তাণ্ডব থামানোর সূত্রও। গ্যালারির ২৮ হাজার, গ্যালারির বাইরের ১৬ কোটি মানুষের গর্জন সইতে গেলে ধাতব স্নায়ু লাগে, সেটি তারা এখনো পায়নি।ক্রিকেট এখন আমাদের জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। বাংলার মানুষের ক্রিকেটপ্রেমে মুগ্ধ হয়ে দেশে ফিরে গেছেন মাইক আথারটনের মতো নাক উঁচু ব্রিটিশ ভদ্রলোকও। আর আয়ারল্যান্ড? টেস্টের কৌলিনত্ব লাভের স্বপ্নে বিভোর আইরিশদের বেশির ভাগই হয়তো জানে না, তাদের দেশ খেলতে এসেছে বিশ্বকাপে। আইরিশ ইন্ডিপেন্ডেন্ট আর আইরিশ টাইমস-এর কালকের অনলাইন সংস্করণেও ক্রিকেট অচ্ছুত হয়েই থাকল। অথচ বাংলাদেশের সংবাদমাধ্যমে তো বটেই, ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতিটি ইঞ্চিই এখন ক্রিকেটে নিঃশ্বাস ফেলছে।তামিমের নিশ্চয়ই মনে আছে, নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিটা তিনি এই আইরিশদের বিপক্ষেই পেয়েছিলেন। দুরন্ত ষাঁড়ের চোখে লাল রুমাল বাঁধার দুঃসাহস নিয়ে আজও নামবেন তিনি। সাকিব কি জানেন, আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ ম্যাচে তাঁর রান মাত্র ৯৫? জুনায়েদ সিদ্দিক নিশ্চয়ই ভোলেননি, তাঁর একমাত্র ওয়ানডে সেঞ্চুরিটা এই আইরিশদের বিপক্ষে। যদিও সেঞ্চুরির সেই আনন্দ নিয়ে নয়, জুনায়েদ মাঠ ছেড়েছিলেন পরাজয়ের বিষাদ নিয়েই।একাদশে থাকার সুযোগ না-মেলারই কথা। শাহরিয়ার নাফীসের হাত নিশ্চয়ই নিশপিশ করবে। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে তিন ম্যাচে তাঁর স্কোর ছিল অপরাজিত ৯০, ৬০ ও ৫৪! একাদশে অনাহূত হয়ে পড়া মোহাম্মদ আশরাফুল আজ ফিরতে পারেন। ভয় কি আশরাফুল, আয়ারল্যান্ডের বিপক্ষে আপনার গড় তো ক্যারিয়ার গড়ের দ্বিগুণ (৫৩)!আয়ারল্যান্ড হেলাফেলার দল নয়। এটা মানতে কারও আপত্তিও নেই। এই চার বছরে তাদের অভিজ্ঞতাও নিশ্চয়ই আরও সমৃদ্ধ হয়েছে। দলের নয়জন ক্রিকেটার খেলেন ইংলিশ কাউন্টির সমারসেট, মিডলসেক্স, নটিংহামশায়ার, সাসেক্সের মতো দলে। দুটো প্রস্তুতি ম্যাচও ওদের ভালো গেছে। আর আছেন ওদের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড, বাংলাদেশ যাঁর প্রিয় প্রতিপক্ষ। বাংলাদেশের বিপক্ষে বরাবরই চওড়া হয়ে যায় তাঁর ব্যাট। ওয়ানডেতে যে দুবার ওরা আমাদের হারিয়েছে, দুবারই ম্যাচ-সেরা হয়েছেন এই পোর্টারফিল্ড।আইরিশরা অবশ্যই আমাদের জন্য স্নায়ুর পরীক্ষা। কিন্তু এই বাংলাদেশও সেই বাংলাদেশ নয়, মানসিক চাপে যারা জবুথবু হয়ে পড়বে। প্রবল প্রতিপক্ষ ভারতের ৩৭০ রানের জবাব দিতে নেমেও যে বাংলাদেশ উল্টো চোখ তুলে তাকানোর দুঃসাহস দেখিয়েছে।বিশ্বকাপের প্রথম ম্যাচে ভালো শুরুও আমাদের প্রেরণা হতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রেরণা আইরিশদের বিপক্ষে আমাদের হূদয়ের তিনটি দগদগে ক্ষত!