আগুন নিয়ন্ত্রণে চার কর্মকর্তা দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরার লতিফ বাওয়ানী জুট মিলের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া পাটকলটির চার কর্মকর্তাকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা খোন্দকার আবদুল করিম প্রথম আলোকে বলেন, আগুনের তীব্রতা পাটের গভীরে চলে যাওয়ায় এখনো মাঝেমধ্যে পাটের ভেতরে ধোঁয়া দেখা যাচ্ছে। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, একই গুদামে এক সপ্তাহ আগেও আগুন ধরেছিল। তাই আগুনের এ কারণ নিয়ে প্রশ্ন রয়েছে। তদন্ত শেষ না পর্যন্ত বিষয়টি পরিষ্কার হচ্ছে না। লতিফ বাওয়ানী জুট মিলের ব্যবস্থাপক (প্রশাসন) মহিউদ্দীন প্রথম আলোকে বলেন, আগুন নেভানো হয়েছে। গুদাম থেকে সব পাট বের করা হচ্ছে। তিনি বলেন, গুদাম থেকে পাট বের করার সময় মাঝেমধ্যে দু-এক স্থানে আগুন দেখা যাচ্ছে। তা নেভানোর জন্য ফায়ার সার্ভিস ও তাদের লোকজন সার্বক্ষণিক কাজ চালিয়ে যাচ্ছেন। পাটের গুদামে আগুনের ঘটনায় সন্দেহমূলকভাবে গ্রেপ্তার করা লতিফ বাওয়ানী জুট মিলের চার কর্মকর্তাকে গতকাল আদালতে হাজির করা হয়। তাঁরা হলেন মহাব্যবস্থাপক এনামুল হক, উপব্যবস্থাপক জিয়াউর রহমান, গুদামরক্ষক মীর মোশারফ হোসেন ও নিরাপত্তা কর্মকর্তা এস এম মহিদুল ইসলাম।ডেমরা থানা পুলিশ তাঁদের প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে মহানগর হাকিম এ ই এম ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।উল্লেখ্য, গত রোববার রাতে লতিফ বাওয়ানী পাটকলের গুদামে আগুন লাগে। এতে প্রায় ৫০ কোটি টাকার পাট পুড়ে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পাটকলটির শ্রমিকদের অভিযোগ, নিম্নমানের পাট কেনার বিষয়টি ধামাচাপা দিতে পাটকলের গুদামে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় উল্লিখিত চার কর্মকর্তাকে বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়।