আগুন পোহাতে গিয়ে এক শীতার্তের মৃত্যু
কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় শীতে আগুন পোহাতে গিয়ে রেজিয়া খাতুন (৪৫) নামের এক গৃহবধূ আগুনে পুড়ে মারা গেছেন। তিনি তারাগুনিয়া গ্রামের আহম্মদ আলীর স্ত্রী।এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত আটটার দিকে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামে রেজিয়াসহ কয়েকজন মিলে খড়ের আগুনে শীত নিবারণ করছিলেন। এ সময় রেজিয়ার শরীরের কাপড়ে আগুন লেগে যায়। নেভানোর চেষ্টা করলেও তা দ্রুত পুরো শরীরে ছড়িয়ে পড়ে। অন্যরা তাঁকে উদ্ধার করে তাত্ক্ষণিকভাবে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে চিকিত্সাধীন অবস্থায় রেজিয়ার মৃত্যু হয়।দৌলতপুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুত্ফর রহমান প্রথম আলো অনলাইনকে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে অনুমতি দেওয়া হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।