আগুন প্রতিরোধে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় মাইকিং
লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় বনে ও গাছগাছালিসমৃদ্ধ এলাকায় আগুন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে জাতীয় উদ্যানসংলগ্ন গ্রামগুলোতে ব্যাপকভাবে মাইকিং করা হচ্ছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা (আইপ্যাক) কমিটির পক্ষে ২৪ মার্চ থেকে এই মাইকিং শুরু হয়।আইপ্যাক ও লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটি (সিএমসি) সূত্র জানায়, ১২ ও ১৩ মার্চ লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা গ্রামসংলগ্ন চারটি টিলায় রহস্যজনক আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে জাতীয় সংবাদপত্রগুলোতে বেশ গুরুত্বের সঙ্গে সংবাদও প্রকাশিত হয়েছিল। ফলে আইপ্যাক সহায়তা প্রকল্পের অধীন পরিচালিত লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নেয় আগুন প্রতিরোধে বনসংলগ্ন গ্রামগুলোতে সচেতনতা সৃষ্টিতে মাইকিং করার। ২৪ মার্চ দুপুর থেকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বেড়াছড়া, বাঘমারা, রাসটিলা, ছাতকছড়া, সরইবাড়িসহ বেশ কয়েকটি গ্রামে মাইকিং করা হয়।আইপ্যাক কর্মকর্তা শায়লা সুলতানা ও লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক রফিকুর রহমান মাইকিংয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, সবার একত্রিত উদ্যোগ ছাড়া কোনো বিপর্যয় ঠেকানো যায় না। খরতাপের সময় বনে নানা কারণে আগুন লাগতে পারে। এ সময় আশপাশের গ্রামগুলোর মানুষের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। বনে আগুন প্রতিরোধে এসব গ্রামে সচেতনতা বৃদ্ধির জন্য এই মাইকিং করা হচ্ছে। পুরো এক সপ্তাহ এভাবে মাইকিং করা হয়।