আগুন প্রতিরোধের ব্যবস্থা ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুন লাগার পর তা প্রতিরোধের তেমন কোনো ব্যবস্থা ছিল না মোহাম্মদপুরে গতকাল শনিবার পুড়ে যাওয়া পোশাক কারখানা স্মার্ট এক্সপোর্টের ভবনে। আজ রোববার সরেজমিনে কারখানাটি ঘুরে প্রথম আলো ডটকমের প্রতিবেদক এমন চিত্রই দেখতে পেয়েছেন। বিষয়টি স্বীকার করেছে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আসা একটি তদন্ত দল।দোতলা ভবনটির দ্বিতীয় তলাজুড়ে ছিল স্মার্ট এক্সপোর্টের কারখানা। আর নিচতলায় বিস্কুট ও রুটি তৈরির একটি কারখানা। পোশাক কারখানটিতে আগুন নেভানোর জন্য কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের কোনো সিলিন্ডার রাখা ছিল না। আগুন লাগলে তা নেভানোর জন্য বালুভর্তি টিনের একটি লাল রং করা বালতি ছাড়া আর কিছুই দেখা যায়নি।আজ সকালে বেড়িবাঁধের পাশে এই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আসে ফায়ার সার্ভিসের একটি তদন্ত দল। পুরো কারখানা পরিদর্শন ও এর পোশাককর্মীদের সঙ্গে কথা বলেন দলের সদস্যরা।তদন্তকারী দলের প্রধান ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) ভারত চন্দ্র বিশ্বাস প্রথম আলো ডটকমকে বলেন, ‘অনেক কারণ থাকলেও নিশ্চিত হতে পারছি না, কীভাবে আগুনের সূত্রপাত। তবে এখানে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না।’কারখানাটির এক কর্মচারী মামুন রহমান বলেন, প্রথমে বিল্ডিংয়ের পশ্চিম পাশে আগুন ধরে। এখানে অনেক কার্টনে ভরা জ্যাকেট ছিল। এই জায়গাটার নিচে একতলায় আছে বিস্কুট কারখানার চুলা। ওখান থেকেও আগুন ধরতে পারে। মামুন আরও বলেন, ফোমের তৈরি জ্যাকেট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায়। তবে আগুন নেভানোর মতো কিছুই এই কারখানায় ছিল না।স্মার্ট এক্সপোর্টের কাটিং মাস্টার কাওসার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, গত শুক্রবার পাঁচ হাজার পিস ফোম জ্যাকেট এখান থেকে শিপমেন্টের কথা ছিল। দুপুরের পর ছুটি হয়ে যাওয়ায় গতকাল সেগুলো পাঠানোর কথা জানানো হয়। কিন্তু আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। আজ সকালে পোশাক কারখানাটির শ্রমিক ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সালের জানুয়ারি মাস থেকে স্মার্ট এক্সপোর্টের এই কারখানায় উত্পাদন শুরু হয়। গত বছরের জুন মাসের দিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি দল ভবনটি অবৈধ চিহ্নিত করে ভাঙতে যায়। একই সঙ্গে বিদ্যুত্সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিন্তু আবার সব ঠিক করে দুই দিন পরই পোশাক উত্পাদন শুরু করে কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ঘটনার সন্ধানে আজ সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি তদন্ত দলও ঘটনাস্থলে যায়। দলের প্রধান শ্রম মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘সম্ভবত এই কারখানার কোনো অনুমোদন আমরা দিইনি। তবে কাগজপত্র দেখে বলতে পারব।’