আগুন লাগা পাঁচতলা ভবন থাকবে, ভাঙতে হবে পাশের দুটি
নবাব কাটরার পাঁচতলা যে ভবনে গত ৩ জুন প্রথম আগুন লাগে মূল কাঠামোর ক্ষতি না হওয়ায় সামান্য মেরামত করে তা আবার ব্যবহার করা যাবে। কিন্তু এর সামনের একটি দোতলা ও একটি একতলা ভবন ভেঙে ফেলতে হবে। কারণ, আগুনে এ দুটি ভবনের ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলোতে মানুষের বসবাস হবে ঝুঁকিপূর্ণ। ভবনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষজ্ঞরা এ কথা জানিয়েছেন।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারির নেতৃত্বে বুয়েটের কয়েকজন বিশেষজ্ঞ গতকাল রোববার আগুনে ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করেন। অধ্যাপক আনসারি প্রথম আলোকে বলেন, যে ভবনটিতে প্রথমে আগুন লেগেছে, সেটির ভেতরের আসবাব ও অন্য সব পুড়ে গেলেও ভবনের মূল কাঠামোর ক্ষতি হয়নি। ইট বা পলেস্তরাও ঠিক আছে। সামান্য ঠিকঠাক করলে এটিতে আবারও বসবাস করা যাবে। তবে এর আশপাশের দুই-একটি ভবন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো ভেঙে ফেলা ছাড়া উপায় নেই। এগুলোর দেয়ালের অধিকাংশ পলেস্তরাই খসে পড়েছে। ইট ও গাঁথুনিরও অনেক ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত সরকারি তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, সরকার বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই ক্ষতিগ্রস্ত ভবনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।জরুরি নির্গমন পথ করার সুপারিশ: অধ্যাপক আনসারি বলেন, পাঁচতলা ভবনটি এক-দেড় কাঠা জমিতে অপরিকল্পিতভাবে তোলা হয়েছে। এ দিকটি মাথায় রেখে তা মেরামত করতে হবে। এই ভবনে থাকা বেশির ভাগ মানুষই বের হতে না পেরে অক্সিজেনের অভাবে মারা গেছে। ভবনটিতে জরুরি নির্গমন পথ না থাকায় এমনটি হয়েছে। এবার জরুরি নির্গমন পথ করা ছাড়া ভবনটি ব্যবহার করতে দেওয়া উচিত হবে না। ভবনটির নিচতলায় বাঁ দিকের একটি ঘরে ছিল রাসায়নিকের গুদাম। ডান পাশের দুটি ঘর ছিল দোকান। দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত প্রতি তলাতে দুটি করে ইউনিট। গত শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে সব তলার বাঁ দিকের ইউনিটগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরগুলোর আসবাবপত্র, বিছানাপত্র অধিকাংশই সম্পূর্ণ পুড়ে গেছে। অধিকাংশ ঘরের বৈদ্যুতিক পাখা, ফ্রিজ, প্লাস্টিকের দরজা তাপে সম্পূর্ণ বা আংশিক গলে গেছে। স্টিলের আলমিরাও তাপে বেঁকে গেছে।ভবনের পশ্চিম পাশের ইউনিটগুলোতে ক্ষতি কিছুটা কম হয়েছে। রাসায়নিকের গুদামের পলেস্তরা এখানে-ওখানে খুলে পড়ে গেছে। দুটি ভবন ভেঙে ফেলতে হবে: পাঁচতলা ভবনটির সামনে রাস্তার বিপরীতে একটি দোতলা ভবন। এর নিচতলায় এক পাশে ছিল বাখরখানি কারখানা, অন্য পাশে ছিল বেকারি। দোতলায় ছিল মানুষের বসবাস। বেকারির ওপরে ছিল টিনের চাল যা আগুনের তাপে পুরোপুরি গলে ভেঙে পড়েছে। দোতলায় যে পাশে মানুষ থাকত, তার ওপরও ছিল টিনের চাল। ওই চালও ভেঙে পড়েছে। ভবনটির ভেতরের সব পলেস্তরা খসে পড়েছে। বুয়েটের অধ্যাপক আনসারি এ বাড়িটির ব্যাপারে বলেছেন, এটি ব্যবহার করতে দেওয়া উচিত নয়। এই ভবনের এক পাশের একতলা একটি ঘর বিপজ্জনক হয়ে পড়ায় সেটি ফায়ার সার্ভিসের লোকজন শনিবারই ভেঙে ফেলেন। অন্য পাশের আরেকটি একতলা ঘরে পুরোনো কাগজের দোকান। সেটিও বিপজ্জনক অবস্থায় আছে। দোকানের টিনের চাল অর্ধেকেরও বেশি ভেঙে পড়েছে। দেয়ালের পলেস্তরাও অনেক জায়গায় খসে পড়েছে।