আগুন লাগার গুজবে রেলিং ভেঙে শ্রমিকের মৃত্যু
আগুন লাগার গুজবে গতকাল বুধবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের একটি পোশাক কারখানার চতুর্থ তলার সিঁড়ির রেলিং ভেঙে পড়ে মর্জিনা আক্তার (২৩) নামের এক নারী শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের নগরের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, দুই ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কারখানায় আগুনের গুজব ছড়ান। ঘটনার পর ক্লোজ সার্কিট ক্যামেরায় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে তাঁদের আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের গণমাধ্যমের সামনে হাজির করা হবে।পুলিশ সূত্র জানায়, মোহাম্মদপুর বেড়িবাঁধ-সংলগ্ন এলাকায় একটি সাততলা ভবনে একাধিক তৈরি পোশাক কারখানার কার্যালয়। গতকাল বিকেল চারটার দিকে ভবনটিতে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ছোটাছুটি করতে গিয়ে এ কে এইচ অ্যাপারেলসের চতুর্থ তলার সিঁড়ির রেলিং ভেঙে নিচে পড়ে পোশাকশ্রমিক মর্জিনা আক্তার (২৫) মারা যান। এ সময় বিভিন্ন তলায় থাকা শ্রমিকেরা সিঁড়ি বেয়ে নামার সময় অন্তত ১৫ জন আহত হন। এঁদের মধ্যে শিউলি আক্তার (২৫), ইয়ানুর বেগম (২৫), রেহানা আক্তার (২৫), মো. উজ্জ্বল (২৪) ও মাইনুদ্দিনকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের রায়েরবাজার এলাকায় শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।মর্জিনার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে।চিকিৎসাধীন মাইনুদ্দিন সাংবাদিকদের জানান, পঞ্চম তলায় কাজ করার সময় হঠাৎ একটি শব্দ শুনতে পান। এ সময় শ্রমিকেরা ‘আগুন’ ‘আগুন’ বলে চিৎকার শুরু করেন। কারখানার কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। এরই মধ্যে ওই ভবনের অন্য একটি তলার শ্রমিকেরা আগুনের সতর্কসংকেত বাজিয়ে দেন। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।পুলিশের উপকমিশনার ইমাম হোসেন বলেন, এ কে এইচ অ্যাপারেলসে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। আটক দুই ব্যক্তি ওই কারখানার শ্রমিক। তাঁরা কোনো মহলের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে পোশাক কারখানায় অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলেন বলে মনে করা হচ্ছে।