শুক্রবারে একটাই চাওয়া ছিল দলের কাছে। জয় নয়, বিশ্বকাপের স্বপ্নপূরণ সমীকরণের সমাধান নয়, ভালো ক্রিকেট খেলা। ফলাফল যা-ই হোক, ভালো খেলে আগের শুক্রবারের ওয়েস্ট ইন্ডিজ ম্যাচপূর্ব ক্রিকেট বিশ্বাসের জায়গায় ফেরা। কী সেই বিশ্বাস? সে বিশ্বাস হচ্ছে আমরা বিশ্বমঞ্চে প্রতিযোগী ক্রিকেটের উপযুক্ত। সে বিশ্বাস হচ্ছে আমাদের ক্রিকেট-মান যেকোনো মাত্রার অর্জনের পথে হাঁটার অধিকার রাখে। সে বিশ্বাস হচ্ছে আমাদের ক্রিকেট-স্বপ্ন কোনো কল্পনা বিলাস নয়। সামর্থ্য এবং সামর্থ্য প্রয়োগের সঙ্গে সে স্বপ্নে আমাদের সংগত অধিকার। সে অধিকার আমরা শ্রমে-ঘামে অর্জন করেছি। একটি খারাপ দিন সে অধিকারকে কেড়ে নিতে পারে না।তাই চট্টগ্রামের শুক্রবারে দলের কাছে চাওয়ার ছিল বিশ্বাসে ফেরার, বিশ্বাসে ফেরানোর। দলের কাছে আবেদন ছিল ৫৮-র জঞ্জাল মাটিচাপা দেওয়ার। আমরা কৃতজ্ঞচিত্তে অবলোকন করলাম কী বিপুলভাবে আমাদের ক্রিকেটাররা সে আবেদনে সাড়া দিলেন। প্রায় অসম্ভবের শিরদাঁড়া ভেঙে জাতিকে ফেরালেন ক্রিকেটানন্দে, ফেরালেন ক্রিকেটারদের ওপর বিশ্বাসে। এই মুহূর্তে ওঁদের প্রতি যোগ্য অভিনন্দন হবে কোনো বিশেষ স্বপ্নের চাপ ওঁদের ওপর দায় চাপানোর মতো চাপিয়ে না দিয়ে পরবর্তী ম্যাচ নিয়ে নিবিষ্ট থাকার অবকাশ দেওয়া। ভালো খেলেই ওঁরা আমাদের ক্রিকেট-স্বপ্নকে আরও বিস্তৃত করবেন।শুক্রবারের মহা রোমাঞ্চের বীর-বন্দনার উপযুক্ত সময় পেরিয়ে গেছে। বাংলাদেশের ঘরে ঘরে এখন স্ট্রাউসদের পরাভূত করার কতই না বহুরঙা প্রদর্শনী। আমাদের ক্রিকেট ইতিহাসের অতি উজ্জ্বল অধ্যায় হয়ে এ ছবি প্রদর্শিত হতে থাকবে অনন্তকাল ধরে। আমাদের ক্রিকেট আবেগের, ক্রিকেট উৎ সাহের জোয়ার বহমান রাখল এ দিন। আগামী বিবর্ণ প্রহরগুলোতেও এ দিন হয়ে থাকবে প্রয়োজনীয় প্রণোদনার উৎ স হয়ে। এ দিনের সব কুশীলব অম্লান থাকবেন অমরত্বের বলয়ে। বড় আফসোস হচ্ছে, এ ম্যাচটা মাঠে বসে দেখতে পারিনি বলে। সেই অলৌকিক প্রহর মাঠে, প্রেসবক্সে ভিন্ন মাত্রায় অনুভূত হয়েছে। নিশ্চিত জয়ের পথে হাঁটছিল বাংলাদেশ। হঠাৎ ছন্দপতন। ৫৭ রান বাকি, হাতে দুই উইকেট। বল আছে অনেক। মাহমুদউল্লাহ কী পারবেন শফিউল আর রুবেলকে নিয়ে দীর্ঘপথ পার হতে। সারা ক্রিকেট-বিশ্ব বুঝে নিয়েছে খেলার পেন্ডুলাম ইংল্যান্ডের দিকে প্রবলভাবে ঝুঁকে গেছে। ক্ষীণ একটা আশার জায়গা ছিল মনে। মাহমুদউল্লাহকে সঠিক সহযোগিতা যদি শফিউল দিতে পারেন, তবে হলেও হতে পারে। সময় আছে। শফিউলকে সঙ্গে নিয়ে মাহমুদউল্লাহর করতে হলো না, মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে শফিউলই করে দিলেন। ঘণ্টা খানেকের কী অসাধারণ সেই ব্যাটিং নির্মাণ! সোয়ান আর শেহজাদকে সাবধানী আগ্রাসনে সংযত রেখে অ্যান্ডারসনদের ভড়কে দেওয়া। আশা-নৈরাশ্যের দোলায় কম্পমান বাংলাদেশকে শফিউল-মাহমুদউল্লাহ যেন এক সপ্তাহ হেঁটে মিরপুর থেকে চট্টগ্রামের স্বস্তির জায়গায় পৌঁছে দিয়েছেন। প্রমাণ করেছেন আমাদের মধ্যে বিজয়ের আগুন ছিল, আগুনটা আছে।