আগুনে দগ্ধ মানুষের সেবায় যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে লতা। স্টোভের আগুনে পুড়ে ঝলসে গেছে তার সমস্ত শরীর। মেয়েটির গোঙানিতে হাসপাতালের কক্ষটিতে নেমে এসেছে নিস্তব্ধতা। লতার শয্যার সামনে গিয়ে দাঁড়ান চিকিৎসক ডালিয়া নাসরীন। মেয়েটির মুখের ওপর থেকে কম্বল সরিয়ে তার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দেন। কয়েক মুহূর্তের জন্য থেমে যায় মেয়েটির গোঙানি।নিষ্পলক চোখে মেয়েটি তাকিয়ে দেখে সেই মানুষটিকে, যাঁর হাতের স্পর্শ তাকে বুঝিয়ে দেয়, ‘আর একটু ধৈর্য ধরো, খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবে তুমি।’ সাধারণত আগুনে দগ্ধ বা পোড়া রোগীরা মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়ে। এ জন্য তাদের শরীরের চিকিৎসার পাশাপাশি মানসিকভাবে পাশে থাকা খুব জরুরি। বলছিলেন ডালিয়া নাসরীন। শুধু তিনিই নন, অন্য চিকিৎসকদের মধ্যে আরও ১০ জন নারী চিকিৎসক এভাবেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশের একমাত্র বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। বার্ন ইউনিটের নিচতলার ১০২ নম্বর কক্ষ। সেখানে রোগী দেখছিলেন চিকিৎসক সানজিদা ওয়াহিদ, আয়েশা হান্না ও মালেকা বিলকিস খানম। সানজিদা ওয়াহিদ কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। বার্ন ইউনিটের শুরু থেকেই কাজ করছেন। ‘আগুনে পুড়ে মারা যায় আমার চাচাতো বোন, তখন থেকেই ঠিক করি পোড়া রোগীদের নিয়ে কাজ করব।’ জানালেন চিকিৎসক আয়েশা হান্না। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে প্লাস্টিক সার্জারিতে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন তিনি। একে একে সেই কক্ষে এসে যোগ দেন ডালিয়া নাসরীন, রহিমা খানম, কাজী আমরিন সালাম। রোগী দেখার ফাঁকে ফাঁকে কথা হচ্ছিল তাঁদের সঙ্গে। রোগীদের মধ্যে কারও হাত, কারও পেট আবার কারও সর্বাঙ্গ পুড়ে এমন বীভৎস হয়ে গেছে, যা দেখলে আঁতকে উঠবে যে কেউ। কেমন অনুভূতি কাজ করে এ ধরনের রোগীদের চিকিৎসা করার সময়? চিকিৎসক সানজিদা ওয়াহিদ বলেন, ‘আমরা একধরনের মানসিক প্রস্তুতি নিয়েই বার্ন ইউনিটে কাজ করতে আসি। কিন্তু খারাপ লাগে, যখন দেখি নিষ্পাপ একটি মেয়ের মুখে কোনো নরপশু এসিড ছুড়ে মারে অথবা স্বামী কিংবা শ্বশুরবাড়ির লোকেরাই যখন বাড়িতে মেয়েটির গায়ে আগুন লাগিয়ে দেয়।’ একই অনুভূতি রাহিমা খানমের; প্রায় দেড় বছর ধরে বার্ন ইউনিটে কাজ করছেন। তিনি জানান, এখনো বার্ন ইউনিটের পঞ্চম তলায় ৮৬ নম্বর কক্ষে শিমু নামের অগ্নিদগ্ধ একটি মেয়ে রয়েছে, যার স্বামী যৌতুকের জন্য তার সমস্ত শরীরে আগুন ধরিয়ে দেয়। ভাবি, মানুষ কতটা নিকৃষ্ট হলে নিজের স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দিতে পারে। ডালিয়া নাসরীন বলেন, ‘আমাদের সমাজের মেয়েরা কতটা সহনশীল, তা বোঝা কঠিন নয়। যেই স্বামী বা শ্বশুরবাড়ির লোকেরা তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না, সেই মানুষগুলোর বিরুদ্ধে কোনো কথা বলতে চায় না সে। পাছে স্বামী অথবা শ্বশুরবাড়ির বদনাম হয়, এই ভয়ে।’ আবার কখনো কখনো খুব কষ্ট লাগে, এ ধরনের পোড়া রোগীর আত্মীয়দের নির্মম আচরণ দেখে, জানালেন এই বিভাগের একমাত্র মহিলা অ্যানেসথেশিয়লজিস্ট মৌমিতা তালুকদার। তিনি বলেন, ‘সেদিন ছিল বার্ন ইউনিটে আমার প্রথম দিন। সেদিনই ২০ থেকে ২২ বছরের আগুনে পুড়ে যাওয়া তিনটি মেয়ে পর পর মারা গেল। মেয়েগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু তাদের পরিবারের লোকজনের তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না। বরং তিনটি পরিবারেই যেন স্বস্তি এল তাতে। সারা রাত খুব কষ্ট লেগেছিল ওই মেয়ে তিনটির জন্য। সেদিনের সেই অনুভূতিই আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে তুলল।’ চিকিৎসক আমাতুন নূর কাজ করতেন গাইনি বিভাগে। ২০০৭ সাল থেকে এখানে কাজ করছেন তিনি। আসলে চিকিৎসাবিজ্ঞানের অন্যান্য জায়গার চেয়ে এই জায়গায় রোগীদের মৃত্যুটা একটু বেশিই সহ্য করতে হয় বলে জানান তিনি। কিন্তু সুখের অনুভূতিটাও কম নয়। একজন রোগীর চিকিৎসা শেষ হলে শুধু তাঁদের সান্নিধ্য পাওয়ার জন্যই অতিরিক্ত দিন থেকে যান হাসপাতালে। সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পরও নিয়মিত যোগাযোগ রাখেন। রোগীদের চিকিৎসা দেওয়ার ব্যাপারে তাঁদের আন্তরিকতা বা চেষ্টা কোনোটারই কমতি থাকে না। কিন্তু বেশির ভাগ সময়ই যে সমস্যা হয়, তা হলো, প্রয়োজনের তুলনায় সরঞ্জামাদি অনেক কম। এ কারণে নিমতলীর ঘটনার পর সব রোগীকে সেবা দিতে বেশ কষ্ট হয়েছিল বলে জানালেন একমাত্র বায়োকেমিস্ট হিসেবে বার্ন ইউনিটের শুরু থেকেই কর্মরত চিকিৎসক কামরুন্নেছা। একই কথা জানালেন সানজিদা ওয়াহিদ। তিনি বলেন, ‘আমরা আমাদের সাধ্যমতো শেষ চেষ্টাটুকু করি, তার পরও কোনো রোগী মারা গেলে অনেক সময় তার পরিবারের লোকেরা আমাদের দোষারোপ করে। তখন খুব কষ্ট লাগে। বিশেষ করে, গণমাধ্যম এ ক্ষেত্রে কখনো কখনো নেতিবাচক আচরণ করে। নিমতলী ট্র্যাজেডির ব্যাপারে প্রায় সবাই একসঙ্গে বললেন, ঘটনাটা যে এতটা ভয়াবহ, সেটা মেডিকেলে আসার আগে তাঁরা বুঝতে পারেননি। একদিকে পড়ে আছে বিকৃত হয়ে যাওয়া এত মৃতদেহ, আরেক দিকে আহত রোগীদের আহাজারি! সব মিলিয়ে এখানে যে অবস্থা হয়েছিল, তা ভাষায় বর্ণনা করা যায় না। তখন শুধু তাঁদের একটা কথাই মনে হচ্ছিল, এদের যে করেই হোক বাঁচাতে হবে।’ চিকিৎসক মৌমিতা বলেন, ‘সেদিন এখানে ঢুকেই এই অবস্থা দেখে প্রথমে যেটা মনে হয়েছিল, আমি যদি একটা রোগীকেও বাঁচাতে পারি, সেটাই হবে আমার চিকিৎসক জীবনের সবচেয়ে বড় পাওয়া।’ আসলে আগুন লাগলে প্রাথমিকভাবে কী করতে হয়, তা অনেকেই জানে না। সেই জন্যই এত প্রাণহানির ঘটনা ঘটেছে নিমতলীতে। আগুন লাগার পর সবাইকে কী করতে হবে, সেই বিষয়ে সচেতন করা হলে, বিশেষ করে ঢাকার বাইরে উপজেলাগুলোয় যদি এই বিষয়ে নির্দেশনাকেন্দ্র থাকে, তবে অনেক ক্ষেত্রেই পোড়া রোগীদের প্রাণহানি থেকে বাঁচানো যাবে বলে জানালেন চিকিৎসক তাসনীম। বার্ন ইউনিটে নারী চিকিৎসকের সংখ্যা কম। কিন্তু নারী চিকিৎসকদেরই বেশি প্রয়োজন বার্ন ইউনিটে—মন্তব্য করলেন বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্তলাল সেন। তিনি বলেন, ‘এখানে আসা পোড়া রোগীদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, মহিলারা অনেক বিষয়ে পুরুষ চিকিৎসকদের খোলাখুলি কথা বলতে বিব্রত বোধ করেন।’ এ জন্য মেয়েদের এই ক্ষেত্রে আরও এগিয়ে আসা উচিত বলে জানালেন তিনি।