আগুনে দুই হোটেলকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন মারা গেছেন। পুড়ে গেছে ১৫টি দোকান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার দুজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা হলেন নবাব আলী (২৮) ও আবদুল জলিল (৩৮)। তাঁরা স্থানীয় ভাই ভাই হোটেলের কর্মচারী ছিলেন। নবাব বাকপ্রতিবন্ধী ছিলেন। নিহত দুজনের প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।বেড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গতকাল রাত তিনটার দিকে কাশীনাথপুর বাজারের ভাই ভাই নামের একটি বেকারির চুলা থেকে এ আগুন লাগে। একপর্যায়ে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর পাবনা ও শাহজাদপুর থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। তিনটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে ওই দুই হোটেলকর্মীর লাশ উদ্ধার করা হয়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে হোটেল, সেলুন, মুদি ও মুঠোফোনে টাকা রিচার্জ করার দোকান ছিল। ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা দাবি করেন, এ ঘটনায় তাঁদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।আগুন নেভানোর কাজে অংশ নেওয়া স্থানীয় ব্যবসায়ী জহুরুল ইসলাম জানান, ভাই ভাই হোটেলে ১৮জন কর্মী ছিলেন। এর মধ্যে ১৬ জন বেরিয়ে আসতে পেরেছেন। কিন্তু ঘুমন্ত অবস্থায় মারা গেছেন নবাব আলী ও আবদুল জলিল। হোটেলের পেছনের দরজা খোলা থাকলেও তাঁরা সামনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু সামনের দরজায় তালা দেওয়া ছিল। উদ্ধারকারীরা তালা ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়।আজ সকালে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।