আগুনে নিভে গেলেন স্বামী, স্ত্রী ও মেয়ে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আগুনে পুড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার দিঘা গ্রামে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: দিঘা গ্রামের দুরুল হুদা, তাঁর স্ত্রী মাকসুদা ও তাঁদের চার বছর বয়সী মেয়ে সোনিয়া। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ প্রথম আলো ডটকমকে জানান, দিঘা গ্রামের একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলায় দুরুল তাঁর স্ত্রী ও মেয়েসহ ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে ওই বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনজন পুড়ে মারা যান। তবে বাড়ির নিচতলায় ঘুমিয়ে থাকা দুরুলের বড় মেয়ে ফুলকি (৮) ও দুরুলের মা জহরুন বেওয়া আগুন থেকে রক্ষা পেয়েছেন।ওসি জানান, কুপি বা কয়েল থেকে ওই বাড়িতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।