আগুনে পুড়ে গেছে এক কিশোর
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা গ্রামে চায়ের দোকানে আগুনের ঘটনায় সুমন (১৫) নামের এক কিশোর পুড়ে গেছে। ওই কিশোরকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন। একই ঘটনায় তপন (১৪) নামের আর এক কিশোর আহত হয়। তারা দুজনই দোকানের কর্মচারী বলে জানা গেছে।গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে গড়দুয়ারা ইউনিয়নের লোহারপুল বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রাতে লোহারপুল বাজারের হারুন সওদাগরের চায়ের দোকানে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে পাঁচটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানিরা দাবি করেছেন। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের হাটহাজারী ইউনিট থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।