আগুনে পুড়ে গেল সামসুজ্জামানের স্বপ্ন (ভিডিও)
মেহেরপুর শহরের একটি খামারে আগুনে পুড়ে এক হাজার মুরগি মারা গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন খামারের মালিক সামসুজ্জামান খান। খামারটি ছিল তাঁর আয়ের একমাত্র উত্স। আগুনে পুড়ে তাঁর সব স্বপ্ন ভেঙে গেল বলে জানান তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, খামারের মধ্যে পড়ে আছে আগুনে ঝলসানো মুরগিগুলো। পাশে বসে কাঁদছেন খামারমালিক, স্ত্রী ও তাঁর স্বজনেরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে মেহেরপুর শহরের মল্লিকপাড়ার সামসুজ্জামান পোলট্রি ফার্মে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। সামসুজ্জামান খান জানান, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, বাড়ির ছাদেই তাঁর খামার। প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় মুরগির দেখাশোনা ও খাবারের ব্যবস্থা করে বৈদ্যুতিক বাতি ও ফ্যান চালিয়ে তিনি খামার বন্ধ করে দেন। রাত ১১টার দিকে পোড়া গন্ধ পেয়ে সামসুজ্জামান বাড়ির ছাদে ওঠেন। দেখেন, খামারের চারদিকে ধোঁয়া। খামারের ভেতরে গিয়ে দেখেন, সব মুরগি আগুনে ঝলসে গেছে। খামারের টিনের ছাউনি, বাঁশ—সবই পুড়ে গেছে। সামসুজ্জামান আরও বলেন, স্নাতক পাস করে চাকরি না পেয়ে তিন বছর আগে তিনি নিজ বাড়ির ছাদের ওপর খামার করেন। প্রথমে দুই শ মুরগি দিয়ে খামার শুরু করেন। ধীরে ধীরে ব্যবসা বাড়তে থাকে। তাঁর খামারে এক হাজারের বেশি মুরগি ছিল। প্রতিদিন ৯০০ মুরগি ডিম দিত। এ আয় থেকেই দুই সন্তানের লেখাপড়া ও সংসারের খরচ চলত। খামারের জন্য ব্যাংক থেকে কিছু ঋণ নিয়েছিলেন সামসুজ্জামান। কিন্তু আগুন তাঁর সব কেড়ে নিল। খামারের কাজে স্বামীকে সাহায্য করতেন সামসুজ্জামানের স্ত্রী আফরোজা বেগম। তিনি বলেন, ‘সারা দিন দুজন মিলে মুরগির যত্ন করতাম সন্তানের মতোই। জীবন ও জীবিকার একমাত্র পথ ছিল এই খামার। এখন সবই অনিশ্চিত।’ মেহেরপুর সদর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা তপনেশ্বর রায় বলেন, আগুনে খামারের সব মুরগি মারা গেছে। জেলার অধিকাংশ মুরগি খামারের বৈদ্যুতিক ব্যবস্থা খুব ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি।