আগুনে পুড়ে ঘুমন্ত কিশোরের মৃত্যু
চট্টগ্রাম নগরের পাহাড়তলীর সরাইপাড়ায় আজ শুক্রবার ভোরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মো. মাসুম (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে চারটি বসতঘর। মাসুম নোয়াখালীর সেনবাগ থানাধীন মানিকপুর গ্রামের আবদুস সালামের ছেলে। সে সরাইপাড়ায় ভাড়াবাড়িতে মা-বাবার সঙ্গে থাকত।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোর পৌনে পাঁচটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নূর হোসেনের মালিকানাধীন একটি ভাড়াবাড়িতে আগুন লাগে। শিগগির তা কয়েকটি আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় ঘর থেকে সবাই বেরিয়ে এলেও ঘুমিয়ে থাকা মাসুম আটকা পড়ে। এতে আগুনে পুড়ে সে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। পরে মাসুমের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়।ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুনে চারটি বসতঘরের ১৪টি কক্ষ পুড়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) মো. সেকান্দর প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।