আগুনে পুড়ে ছেলেসহ মায়ের করুণ মৃত্যু
রাজধানীর দক্ষিণ গোড়ানে নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে একমাত্র ছেলেসহ ব্যাংক কর্মকর্তা আলেয়া বেগম (৫৫) মারা গেছেন। আলেয়া বেগম জনতা ব্যাংকের মতিঝিল লোকাল শাখায় কর্মরত ছিলেন। ছেলে আরিফুল ইসলাম ওরফে জুয়েল (৩২) ছিলেন বেকার।গত শুক্রবার রাতের ওই আগুনে আলেয়ার স্বামী আবদুল হাই (৬৫) ও ছেলের বউ ফাতেমা-তুজ-জোহরাও (২৭) দগ্ধ হয়েছেন। রাতেই সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গতকাল শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আলেয়া এবং বেলা সাড়ে ১১টায় আরিফুল ইসলাম মারা যান। ফাতেমার অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর খবর পেয়ে স্বজনদের পাশাপাশি আলেয়ার সহকর্মীরাও হাসপাতালে ভিড় করেন।গতকাল হাসপাতালে গিয়ে দেখা যায়, স্ত্রী ও ছেলেকে হারিয়ে আবদুল হাই পাগলপ্রায়। তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তাঁর ফ্ল্যাটের একটি কক্ষে আগুন ধরে যায়। ওই আগুন নেভাতে গিয়ে তাঁরা দগ্ধ হন। তবে হাসপাতালে আসা তাঁর স্বজনেরা সাংবাদিকদের কাছে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। পুলিশ অভিযোগ করছে, আরিফ নিজের গায়ে আগুন দিলে মা-বাবা ও স্ত্রী তাঁকে বাঁচাতে এগিয়ে যান এবং নিজেরাও দগ্ধ হন। আরিফের একমাত্র সন্তান মাহিনকে নিয়ে দুই গৃহকর্মী অন্য কক্ষে থাকায় তারা বেঁচে গেছেন।বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন বলেন, আগুনে আলেয়ার শরীরের ৯৫ শতাংশ এবং তাঁর ছেলে আরিফুলের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ফাতেমার শ্বাসনালিসহ শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আবদুল হাইয়ের দুই হাত পুড়ে গেছে। তাঁকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।গতকাল বার্ন ইউনিটের আইসিইউতে গিয়ে দেখা যায়, সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে খুকু ছটফট করছেন। কৃত্রিম উপায়ে তাঁর শ্বাস-প্রশ্বাস চলছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১০টার দিকে দক্ষিণ গোড়ানের শান্তিপুর এলাকার ৭ নম্বর গলির ৩১৬/৯ নম্বর বাড়ির মালিক আবদুল হাইয়ের দ্বিতীয় তলার ফ্ল্যাটের একটি কক্ষে আগুন ধরে যায়। এতে বাবা-মা, ছেলে ও ছেলের বউ অগ্নিদগ্ধ হন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নেভায় এবং দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা এস এম জিয়াউদ্দিন জানান, তাঁদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে ওই কক্ষের আসবাব ও বিছানা পুড়ে ছাই হয়ে গেছে।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন প্রথম আলোকে জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী ওই বাসার গৃহকর্মী রিনা আক্তারের সঙ্গে কথা বলে ও প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, পারিবারিক বিষয়াদি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মা-বাবা ও স্ত্রীর সামনে আরিফ নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন গোটা কক্ষে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে অন্যরা দগ্ধ হন।সর্বশেষ খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনায় খিলগাঁও থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।আলেয়া বেগমের ভাই দেলোয়ার হোসেন প্রথম আলোকে জানান, ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে বোন ও ভাগনের লাশ দক্ষিণ গোড়ানে নিয়ে গেছেন। পরিবারের সবার সঙ্গে আলোচনা করে দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে।