স্ত্রী চাকরি করবেন, এটা ঠিক মানতে পারতেন না রিকশাচালক সুরুজ মিয়া। কিন্তু পিঠাপিঠি তিনটি সন্তান, তাঁরা স্বামী-স্ত্রী দুজন। একার আয়ে চলছিল না পাঁচজনের সংসার। তার পরও সুরুজের ইচ্ছা, ছেলেমেয়েরা পড়ালেখা করে ভবিষ্যতে ভালো কিছু করুক। এসব ভেবেই স্ত্রীর চাকরির বিষয়টি মেনে নিয়েছিলেন তিনি। সবে চাকরিতে ঢুকেছিলেন সুরুজের স্ত্রী শাহীনূর। কাজ নিয়েছিলেন লিলি কেমিক্যাল কোম্পানিতে।দিনে ৮০ টাকা মজুরিতে লিলি কেমিক্যালে শাহীনূর কাজ শুরু করেছিলেন গত ২৫ সেপ্টেম্বর। তাঁর বোন কোহিনূরও কাজে যোগ দিয়েছিলেন একই প্রতিষ্ঠানে। অথচ মাস না ঘুরতেই জীবিকার দায় নিয়ে চাকরি করতে আসা শাহীনূর চলে গেছেন জীবনের সব দায়দায়িত্বের বাঁধন ছিঁড়ে ফিরে না আসার জগতে। কারখানার বিস্ফোরণে শাহীনূর-কোহিনূরের দগ্ধ শরীরের মতোই পুড়ে গেছে সুরুজের স্বপ্নগুলোও।গত বুধবার বিকেলে যাত্রাবাড়ীর লিলি কেমিক্যালে বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়। সেই আগুনে পুড়ে মারা যান শাহীনূর-কোহিনূরসহ নয়জন। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।গতকাল বৃহস্পতিবার শাহীনূরের ৬৬৮, দোলাইরপাড়ের বাসায় গিয়ে দেখা গেছে, দাদির সঙ্গে কেঁদেই চলেছে তাঁর তিন সন্তান সুজন (১০), শিরিন (৮) আর শাওন (৬)। তাদের বাবা সুরুজ মিয়া শাহীনূর-কোহিনূরের লাশ শনাক্ত করে মর্গ থেকে নিয়ে আসার নিয়মানুগ প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যস্ত।সুরুজের সঙ্গে কথা বলে জানা গেল, স্বামী-স্ত্রী মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন, সন্তানদের লেখাপড়া করাবেন। তাদের যেন প্রতিনিয়ত দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করতে না হয়। যত দূর সাধ্য চেষ্টা করবেন। মানুষের মতো মানুষ করে তুলবেন সন্তানদের। সে জন্য সংসারে বাড়তি টাকা দরকার। ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবেই শাহীনূর কাজ নিয়েছিলেন কারখানায়। সুজন আর শিরিনকে স্থানীয় একটি এনজিও-পরিচালিত স্কুলে ভর্তি করিয়েছেন। শাওনের এখনো স্কুলে যাওয়ার বয়স হয়নি। অথচ কী আচমকা আঘাতে স্বপ্ন ভেঙে গেল তাঁর।শাহীনূর-কোহিনূর চাকরি নেওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই নিজের রিকশায় করে তাঁদের দুই বোনকে কারখানায় দিয়ে আর নিয়ে আসতেন সুরুজ। দুপুরে তাঁদের খাওয়ার জন্য বাসায় নিয়ে আসতেন। একসঙ্গে খেয়ে আবার তাঁদের দুজনকে কারখানায় নিয়ে যেতেন। এই কাজের জন্য যাত্রাবাড়ী এলাকার বাইরে ভাড়া নিয়ে যেতেন না সুরুজ। ছুটি হলে ঠিক সময়মতো পৌঁছে যেতেন কারখানার সামনে।গত বুধবার দুপুরেও সুরুজ মিয়া তাঁদের কারখানা থেকে বাসায় নিয়ে এসেছেন। ওই দিন বেতন পাওয়ার কথা ছিল তাঁদের। প্রথম বেতন। একসঙ্গে খাওয়ার পর কাজে যাওয়ার আগে শাহীনূর সন্তানদের বলেছিলেন, বেতন পেলে সন্ধ্যায় ফেরার সময় ভালো খাবার নিয়ে আসবেন। সন্তানেরা সেই অপেক্ষায়ই ছিল। কিন্তু সন্ধ্যায় খাবার আসেনি, এসেছে শুধু মায়ের মৃত্যু খবর।আগুন লাগার কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয়ে পাগলের মতো কারখানার ভেতর ঢুকতে চাইছিলেন সুরুজ। স্থানীয় লোকজন আর পুলিশ তাঁকে ঢুকতে দেয়নি। চিৎকার করে ডাকছিলেন স্ত্রী শাহীনূরকে। পরে সুরুজ মিয়া মর্গে গিয়ে পুড়ে যাওয়া লাশ দেখে হতবাক হয়ে যান।