আগুনে প্রাণ গেল ২৬ শ্রমিকের
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানায় গতকাল মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। লাফিয়ে নামতে গিয়ে ও আগুনে পুড়ে তাঁরা প্রাণ হারান। আহতের সংখ্যা দুই শতাধিক। রাত সাড়ে আটটায়ও কারখানাটির ৯, ১০ ও ১১ তলায় থেমে থেমে আগুন জ্বলছিল। কিছুক্ষণ পর আগুন নিভে যায়।ফায়ার সার্ভিসের পরিচালক মেজর শেখ মো. শাহজালাল রাত সোয়া ১১টায় প্রথম আলোকে বলেন, আগুন নিভে গেছে। প্রতিটি কাপড়ের স্তূপ সরিয়ে দেখা হচ্ছে ভেতরে আগুন আছে কি না। ভেতরে তল্লাশি করে আর কোনো লাশ পাননি বলে জানান তিনি। তিনি বলেন, ১০ ও ১১ তলায় তিনি গিয়েছিলেন। ১০ তলা পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর ১১ তলায় সবকিছু আগুনে গলে গেছে।ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে হা-মীম গ্রুপের উপপরিচালক কর্নেল (অব.) দেলোয়ার হোসেন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘আগুন এত দ্রুত ছড়িয়েছে, যে কারণে আমাদের আশঙ্কা, অন্য কোনোভাবে আগুন লাগতে পারে।হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ প্রথম আলোকে জানান, আজ কারখানা খোলা থাকবে। যথারীতি কাজ চলবে।প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই ভবনের বিভিন্ন তলার দরজা তালাবদ্ধ করে দেন নিরাপত্তাকর্মীরা। ফলে কর্মীরা নিচে নামতে পারেননি। তাঁরা প্রাণ বাঁচাতে বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়েন। এতে কেউ আহত আবার কেউ নিহত হন।আগুনের খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে ছুটে যান। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে হেলিকপ্টার আনা হলেও ওই ভবনের ছাদে টিনের ঘর থাকায় সেখানে হেলিকপ্টার নামতে পারেনি। এক ঘণ্টা চক্কর দিয়ে হেলিকপ্টার চলে যায়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আবু নাঈম মো. শহীদউল্লাহ প্রথম আলোকে জানান, বেলা সোয়া একটার দিকে কারখানাটির ১০ তলায় ফিনিশিং বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ১১ তলার ক্যানটিনে ও নবম তলায়। ওই সময় কারখানায় মধ্যাহ্নবিরতি চলছিল। বহু শ্রমিক ক্যানটিনে বসে দুুপুরের খাবার খাচ্ছিলেন। তিনি জানান, বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট সেখানে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ করছে। এর মধ্যে চারটি অত্যাধুনিক স্কাইলিফট রয়েছে। এগুলো দিয়ে ১০ ও ১১ তলায় পানি দেওয়া হচ্ছে, ভেতরে লোক ঢোকার চেষ্টা করছে।কারখানাটির পরিচালক (উৎপাদন) মেজর (অব.) সুনীল কুমার সরকার জানান, ১০ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় এক তলায় অনেক লোক একসঙ্গে দুপুরের আহার সারছিলেন।আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশেই বিশাল এলাকা নিয়ে হা-মীম গ্রুপের ১১ তলা পোশাক কারখানাটি অবস্থিত। যেখানে এক শিফটে প্রায় ছয় হাজার শ্রমিক কাজ করেন। ভবনের ১০ তলায় ফিনিশিং বিভাগ ও নবম তলায় সুইং বিভাগ। ১১ তলার (ছাদে) ওপরে টিন দিয়ে ক্যানটিন বানানো হয়েছে। শ্রমিক ও কারখানার কয়েকজন কর্মকর্তা জানান, ওই ক্যানটিনে একসঙ্গে সহস্রাধিক লোক দুপুরের আহার সারতে পারেন। সেখানেই দুপুরের খাবার সরবরাহ করে কারখানা কর্তৃপক্ষ।আগুনের সূত্রপাত: কারখানার সুপারভাইজার মনিরুজ্জামান ছিলেন আট তলায়। তিনি প্রথম আলোকে বলেন, আগুন লাগার কয়েক মিনিট আগে ১০ তলার কিছু শ্রমিক দুপুরের আহার সেরে কাজে যোগ দিয়েছিলেন। এর কিছুক্ষণ পরই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই তাঁরা নিচে নামার চেষ্টা করেন। ততক্ষণে নবম তলায়ও আগুন ছড়িয়ে পড়ে।কারখানার সুইং অপারেটর মিলন জানান, বেলা সোয়া একটার দিকে তিনি মধ্যাহ্নবিরতিতে নিচে নামামাত্র নিরাপত্তাকর্মীরা হুইসেল বাজাতে থাকেন। তিনি তাকিয়ে দেখেন, ১০ তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। তিনি কয়েকজনকে সিঁড়ি বেয়ে দৌড়ে নামতে দেখেন। এর পরই নিরাপত্তাকর্মীরা গেট বন্ধ করে দেন।সুইং অপারেটর সাগর জানান, তাঁরা তখন খেয়ে নিচে নেমেছেন মাত্র। হঠাৎ করে ওপরে ধোঁয়া দেখা যায়। কিছুক্ষণের মধ্যে জানালাগুলো দিয়ে বাইরে থেকে টকটকে লাল আগুনের শিখা দেখা যেতে শুরু করে। ভবনের চারপাশের জানালাগুলোতে ভিড় করে হাত নাড়িয়ে বাঁচার জন্য সাহায্য চাইছিলেন অসংখ্য শ্রমিক। শেষ পর্যন্ত অনেকে ওপর থেকে লাফিয়ে পড়তে শুরু করেন।বাঁচব, ভাবিনি: দুপুরের বিরতিতে ১১ তলায় খেতে বসেছিলেন শ্রমিক সজীব। আগুন লাগার পর তিনি পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে যান। তবে শেষ পর্যন্ত বেঁচে আছেন তিনি।নাইটিঙ্গেল মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ সজীব প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ আগুন আগুন চিৎকার শুনতে পাই। কিছুক্ষণের মধ্যেই ঘন ও গাঢ় কালো ধোঁয়ায় পুরো ক্যানটিন ভরে যায়। সবাই হইচই শুরু করে। দিগ্বিদিক জ্ঞান হারিয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে শ্রমিকেরা। ধোঁয়ার কারণে নিঃশ্বাস নিতে পারছিলেন না। আমারও দম বন্ধ হয়ে আসতে থাকে। একপর্যায়ে বমি হয়। এর মধ্যেই নামার রাস্তা খুঁজতে থাকি। জানালা দিয়ে নিচে তাকায়া দেখলাম এই হানতে পড়লে আর বাঁচুম না। এরপর পানির পাইপ ধইরা নামতে গেলাম। কিন্তু শইলে কুলাইতাছিল না। কিছুদূর গিয়া চোহে আন্দার দ্যাকলাম। এরপর আর কইতে পারি না।’ফুটবলের মতো ড্রপ খাইল...: কারখানার আয়রনম্যান জয়নুল আবেদীন জানান, বহু শ্রমিক কারখানার জানালা দিয়ে লাফ দিয়েছেন। কেউ কাপড়ের রোল নিচে ফেলে, ভবনের অগ্নিনির্বাপণের জন্য রাখা পানির পাইপ দিয়ে নিচে নামার চেষ্টা করেন। কেউ বা সরাসরি লাফিয়ে পড়েন। দুই জানালা দিয়ে নয়জনকে লাফিয়ে পড়তে দেখেছেন বলে দাবি জয়নুলের।লাশ আর লাশ: ঘটনার পরপরই উদ্ধার হওয়া ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাভার, আশুলিয়ার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। বেশির ভাগেরই মৃত্যু হয়েছে ওপর থেকে লাফিয়ে পড়ে। পরে বিভিন্ন হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়।আশুলিয়ার শিন শিন জাপান হাসপাতালে মারা যান আটজন। এঁদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ। আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয় আরও পাঁচজনকে। এঁদের একজন মহিলা ও চারজন পুরুষ। এ ছাড়া ওপর থেকে লাফিয়ে পড়ে মারা যান রুহুল আমিন ও হালিমা নামের দুই শ্রমিক।নিখোঁজ ব্যক্তিদের খোঁজে: আগুনের খবর পাওয়ার পরপর দুপুরেই আশপাশের সব কারখানা ছুটি দেওয়া হয়। নরসিংহপুুর এলাকায় শতাধিক কারখানা অবস্থিত। আগুনের খবর শুনে স্রোতের মতো শ্রমিকেরা কারখানাটির আশপাশে ভিড় জমাতে থাকেন। প্রায় তিন ঘণ্টা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল বন্ধ থাকে। ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স আসতে প্রচণ্ড বেগ পেতে হয়।ঢাকা মেডিকেল: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত রাত পর্যন্ত ১৬টি মৃতদেহ ছিল। আহত অবস্থায় ভর্তি রয়েছেন তিনজন। গতকাল রাতে কারখানা থেকে উদ্ধার হওয়া ১৪ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এঁদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন তানিয়া (২২), মানসুরা (২৫), অঞ্জনা (২৪), মোজাম্মেল (৫০), হিমেল (২৫) ও বাবুল (২৬)। বিকেলে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এঁদের একজন মারুফ (২২)।তদন্ত কমিটি: আগুন লাগার পরপরই গতকাল ঘটনাস্থলে ছুটে যান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান। এ ঘটনা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। বিজিএমইএ তিন সদস্যের কমিটি গঠন করেছে। ক্ষতিপূরণ: অগ্নিকাণ্ডে মৃত প্রত্যেক শ্রমিকের পরিবারকে বিজিএমইএর পক্ষ থেকে এক লাখ টাকা ও হা-মীম গ্রুপের পক্ষ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে। হা-মীম গ্রুপ আহত শ্রমিকদের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছে এবং প্রত্যেক আহত শ্রমিককে ২৫ হাজার টাকা করে দেবে। লাশ নিজ নিজ গ্রামে নিয়ে যাওয়ার জন্য নিহত শ্রমিকের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে বিজিএমইএর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।শোক: সাভারের শ্রমিকদের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ ছাড়া বিজিএমইএসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক ও সমবেদনা প্রকাশ করেছে।