রাজধানীর নিমতলীর আগুনের রেশ কাটতে না-কাটতেই আবার রাসায়নিক দ্রব্যের অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে সাতজন। গতকাল বুধবার দক্ষিণ যাত্রাবাড়ীর লিলি কেমিক্যাল কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের কারখানা ও গুদামে এই আগুন লাগে। জুতার আঠা তৈরির জন্য ব্যবহূত রাসায়নিক থেকে এ আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। অগ্নিকাণ্ডের সময় সেখানে বিস্ফোরণের শব্দও পাওয়া যায়।ঘটনাস্থল থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে আগুনে তাঁদের দেহ এতটাই পুড়ে গেছে যে কারও পরিচয় শনাক্তের উপায় নেই। এমনকি নিহত ব্যক্তিরা নারী না পুরুষ, তাও নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। অগ্নিকাণ্ডে চারজন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক।ওই কারখানার কর্মীদের কয়েকজনের স্বজন জানান, নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন ১২ বছরের শিশু থাকতে পারে। বাকি তিনজনের বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি। এ ঘটনায় ফায়ার সার্ভিসের উপপরিচালক ভরত চন্দ্র বিশ্বাসকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গতকাল বিকেল চারটা ৫৫ মিনিটে তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান। সঙ্গে সঙ্গে তাঁদের রমনা ও পোস্তগোলা ইউনিট ঘটনাস্থলে যায়। তবে সেখানে পানির ব্যবস্থা না থাকায় একটি দেয়াল ভেঙে কারখানার পেছন থেকে পানি এনে আগুন নেভানো হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের পরিচালক (পরিচালন) মেজর শেখ মো. শাহজালাল প্রথম আলোকে বলেন, তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন, কারখানায় থাকা চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। চুল্লির পাশেই ছিল বিভিন্ন দাহ্য রাসায়নিক পদার্থ। আগুন লাগার পরপরই সেখানে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গেই প্রাণ হারায় সাতজন। তারা বের হওয়ারও সময় পায়নি।ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয় লোকজন জানান, নিহত ব্যক্তিদের কাউকে শনাক্ত করা যায়নি। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দিলীপ কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ‘আমরা সাতজনের মৃতদেহ উদ্ধার করেছি। তবে তাদের সবার দেহ একেবারে বিকৃত হয়ে গেছে। তারা নারী না পুরুষ—তা বোঝা যায়নি।’ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দক্ষিণ যাত্রাবাড়ীর সম্রাট কমিউনিটি সেন্টারের পাশে প্রধান সড়কসংলগ্ন ৩১৯ নম্বর একতলা টিনশেড বাড়িতে লিলি কেমিক্যাল কোম্পানির কারখানা ও গুদাম। সামনের দিকে রাসায়নিকের গুদাম এবং পেছনের দিকে জুতার আঠা তৈরির কারখানা। কারখানায় বিশাল তিনটি চুল্লি রয়েছে। চারদিকে জুতার সোল লাগানোর আঠাভর্তি শত শত কৌটা। কারখানার পেছনে ওয়াপদা কলোনি এবং একপাশে পুকুর।যেভাবে সূত্রপাত: স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল পাঁচটার দিকে হঠাৎ ওই কারখানা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা আজম খান বলেন, ‘আমি রাস্তার ওপার থেকে ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার শুনে দৌড়ে এপারে আসি। কিন্তু ধোঁয়ার কারণে কাছে যেতে পারিনি।’স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে যাত্রাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। তখনো কারখানা থেকে ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার শোনা যাচ্ছিল। যাত্রাবাড়ী থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, ধোঁয়ার কারণে চিৎকার শুনেও ভেতরে ঢোকা যাচ্ছিল না।বিকেল সাড়ে পাঁচটার দিকে পোস্তগোলা থেকে ফায়ার সার্ভিসের দুটি পানিবাহী গাড়ি এবং সদর দপ্তর থেকে সাতটি পানিবাহী গাড়ি আগুন নেভানোর কাজে যোগ দেয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানা থেকে সাতটি লাশ উদ্ধার করেন।যেসব রাসায়নিক ছিল: ফায়ার সার্ভিসের কর্মকর্তা শেখ মো. শাহজালাল সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে তাঁরা ওই কারখানায় থাকা রাসায়নিক দ্রব্যগুলোর একটি তালিকা করেছেন। এগুলো হলো রেজিন, পলিক্লোরোপ্রিন, টারওয়েল রেজিন, ম্যাগনেসিয়াম, মিথালিন ক্লোরাইড, প্রেপটাসিন, বায়োপ্রিন রাবার, প্রিটোসিন, ফেনলিক রেজিন, সিনথেটিক রাবার। এগুলো দিয়ে জুতার আঠা তৈরি করা হয়। তিনি বলেন, এই রাসায়নিকগুলোর প্রতিটি আলাদা স্টোরে থাকার কথা। পলিক্লোরোপ্রিন থাকার কথা ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায়। এক প্রশ্নের জবাবে তিনি জানান, কারখানাটির ফায়ার সার্ভিসের সনদ আছে কি না, তা তাঁরা পরীক্ষা করে দেখবেন।স্বজনদের আহাজারি: রাত সাড়ে আটটার দিকে খাদিজা নামের মধ্যবয়স্ক এক নারীকে কারখানার সামনে আহাজারি করতে দেখা যায়। তাঁর সঙ্গে আসা এক ব্যক্তি জানান, কারখানাটিতে খাদিজার ১২ বছরের মেয়ে রুনিয়া কাজ করত। সন্ধ্যার পর তার খোঁজ না পেয়ে তিনি মেয়ের জন্য বিলাপ করছেন।একই সময় জরিনা নামের এক নারী জানান, তাঁর দুই বোন আলেয়া ও আকলিমা এ কারখানায় কাজ করে। অন্যদিন সন্ধ্যা ছয়টার দিকে বাসায় ফিরলেও আজ (বুধবার) না ফেরায় তাঁদের খুঁজতে এসেছেন। জামাল নামের একজন জানান, তাঁর স্ত্রী রিমুও এই কারখানায় কাজ করতেন। ঘটনার পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না, তাঁর মোবাইল ফোনও বন্ধ। মালিকের খোঁজ নেই: যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ওই কারখানার মালিক মোহাম্মদ সেলিম। ঘটনার পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। তিনি কারও ফোনও ধরছেন না। সন্ধ্যার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সাংসদ হাবিবুর রহমান মোল্লা। তিনি প্রথম আলোকে বলেন, এটি একটি আবাসিক এলাকা। এই কারখানা ও গুদাম অবৈধ। এখানে একটি কেমিক্যালের গুদাম রয়েছে, তা ফায়ার সার্ভিস কিংবা থানার পুলিশও জানে না, এটি বৈধ হয় কী করে? আর মালিকের তো কোনো খোঁজই নেই।এদিকে লিলি কোম্পানির পাশেই দেখা গেছে, মেসার্স সাহারা ট্রেডার্স নামের রাসায়নিকের একটি গুদাম। এই গুদামে ‘প্রধান বিস্ফোরক পরিদর্শক বাংলাদেশ, ঢাকা’ সাইনবোর্ড লাগানো। লাইসেন্সের নম্বরও দেওয়া রয়েছে সাইনবোর্ডে। তবে গুদামটি বন্ধ দেখা গেছে। নিহত ও আহতদের ক্ষতিপূরণ: সাংসদ হাবিবুর রহমান মোল্লা বলেন, ‘এ ঘটনায় নিহতদের স্বজনদের তাৎক্ষণিকভাবে ২০ হাজার করে টাকা দেওয়া হবে।’ ঢাকা জেলা প্রশাসক মহিবুল হকও নিহতদের স্বজনদের ২০ হাজার ও আহতদের ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।