আগুনের উৎস সিগারেট বা মশার কয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিগারেট বা মশার কয়েল থেকে রাজধানীর হাজারীবাগের সনাতন বউবাজারে আগুনের সূত্রপাত্র হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নঈম মো. শহিদুল্লাহ আজ রোববার প্রথম আলো ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।গতকাল শনিবার আনুমানিক রাত আড়াইটার দিকে সনাতন বউবাজারে তাজুর বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।আজ বেলা পৌনে একটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এ সময় আগুন লাগার কারণ জানতে চাইলে আবু নঈম মো. শহিদুল্লাহ বলেন, ‘সিগারেট বা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে আমরা নিশ্চিত হয়েছি। রিকশা গ্যারেজের ভেতরে অনেক কেরোসিন ছিল। ওই কোরোসিনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।’ঘটনাস্থলে দেরিতে আসার অভিযোগের বিষয়ে আবু নঈম মো. শহিদুল্লাহ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসেছেন। ১৭টি ইউনিট এখানে কাজ করেছে। কিন্তু অপ্রশস্ত রাস্তা, পানির সংকট, উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে সমস্যা হয়েছে। আমাদের বিন্দুমাত্র অবহেলা ছিল না।’ ঘটনাস্থল পরিদর্শন শেষে ফিরে যাওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের জানান, কীভাবে আগুন লেগেছে, কারও কোনো অবহেলা ছিল কি না—এসব তদন্ত করে দেখা হবে। স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তা দেওয়ায় মন্ত্রী তাঁদের ধন্যবাদ জানান।