আগুনের ক্ষত শুকালেও যন্ত্রণা অশেষ
বিদ্যুৎ নেই। পাঁচতলা বাড়ির দোতলার জানালা দিয়ে হাত বাড়িয়ে একটি শিশু চিৎকার করছিল। অন্ধকারেও শিশুটির ভয়ার্ত চেহারা স্পষ্ট। কারণ, নিচতলার আগুনের লেলিহান শিখা তখন পৌঁছে গেছে ওই বাসায়। ‘মা মা’ বলে চিৎকার করছিল শিশুটি। তার মা ছিলেন বাসার নিচে। পথের ওপর স্রোতের মতো আগুন। চারপাশে কালো ধোঁয়া। সন্তানের নিশ্চিত মৃত্যু জেনেও কিছু করার ছিল না তাঁর। নিমতলীর অগ্নিকাণ্ডে দগ্ধ শাবানা আক্তার এভাবেই বর্ণনা করছিলেন তাঁর দশ বছরের মেয়ে রোকেয়ার মৃত্যুর ঘটনা। শুধু সন্তান নয়, শাবানা হারিয়েছেন তাঁর মা ও নানিকেও। আহত হয়েছেন তাঁর শ্বশুর। স্বজন হারানোয় মনের ক্ষত আর শরীরের ক্ষত দুটোই বয়ে চলছেন শাবানা। দগ্ধ পায়ের তালু দেখিয়ে শাবানা বলেন, তালুতে এখনো অনেক ব্যথা হয়। ভালোমতো হাঁটতে পারেন না। অনেক সময় এক পা বিশ্রাম দেওয়ার জন্য হাঁটতে হয় অন্য পায়ে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিমতলীর অগ্নিকাণ্ডের দিন বার্ন ইউনিটে ভর্তি হয় ৪৫ জন অগ্নিদগ্ধ। এদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী ও ৯ জন শিশু। এদের মধ্যে ১৪ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। বাকি ৩১ জনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। ভর্তি ছাড়াও ওই দিন প্রায় দুই শতাধিক লোক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।গুরুতর অগ্নিদগ্ধ শরীর নিয়ে কষ্টেই দিনাতিপাত করছেন শাবানার শ্বশুর মুসলিম খান। তিনি জানান, সেদিনের ঘটনায় আগুনে পুড়ে গেছে তাঁর হাত, পা ও পিঠ। এখন ইসলামবাগের টিঅ্যান্ডটি অফিসে চাকরি করেন। সেখানে বসে থাকা ছাড়া আর তেমন কিছুই করা হয় না। কাজ করতে গেলেই হাত-পায়ে টান পড়ে। সারা শরীর চুলকায়। আবার চুলকাতে গেলে ক্ষতের সৃষ্টি হয়। মুসলিম খান আরও জানান, হাসপাতালে ক্ষত শুকানো পর্যন্ত সরকারি খরচে চিকিৎসা হলেও পরে যেসব শারীরিক অসুবিধা দেখা দিয়েছে, তার চিকিৎসা নিজ খরচেই করতে হয়। অভাবের সংসারে চিকিৎসার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। ফল বিক্রেতা মামুন হারিয়েছেন তাঁর সন্তান শ্রাবণকে। নিজেরও মাথা, হাত ও পায়ের অংশবিশেষ পুড়ে গেছে। দোকানের তাকের ওপর ফ্রেমে বেঁধে রাখা নিহত শ্রাবণের ছবি। মামুন দা দিয়ে কচি তাল কাটছিলেন। তিনি জানালেন, ঘটনার সাত মাস পর নতুন করে দোকান সাজিয়েছেন। তবে আগের মতো ফল কাটার শক্তি তাঁর নেই। ফল কাটতে গিয়ে হাতে টান পড়ে।ফরিদা বেগম (৩৫) আগুনে দগ্ধ না হয়েও যেন দগ্ধ। কারণ, দগ্ধ হয়েছে তাঁর দুই শিশুসন্তান সুমাইয়া ও সাগর। রাতের বেলা ব্যথা উঠলে তাঁদের চিৎকার সহ্য করার মতো নয়। তিনি জানান, বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে তাঁকে সংসার চালাতে হয়। মাসে চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ হয়। সন্তানদের চিকিৎসার খরচ নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে গেছেন তিনি।নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়েছিলেন বিদ্যুতের মিস্ত্রি সুমন নামের এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী। তাঁর মুখ, হাত ও কোমর আগুনে পুড়ে গেছে। ইশারায় যা বোঝালেন, তার মর্মার্থ হচ্ছে, এখনো ঘুমোতে কষ্ট হয় তাঁর।খোঁজ নিয়ে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে অনেকেই এখন নিমতলী এলাকায় থাকেন না। কেউ ঢাকার বিভিন্ন জায়গায় চলে গেছেন। আবার কেউ বা চলে গেছেন গ্রামের বাড়িতে। তেমনি একজন গার্মেন্টসের ব্যবসায়ী এনায়েতুল্লাহ। তিনি মুঠোফোনে জানান, কিছুটা সুস্থ হওয়ার পর ব্যবসা বন্ধ করে তিনি চলে এসেছেন গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। এখন তিনি কোনো কিছু করতে পারেন না। সারা শরীর জ্বালাপোড়া করে। স্ত্রী ও সন্তান নিয়ে বেশ কষ্টেই আছেন তিনি। আবুল কাশেম। নিমতলী এলাকায় উৎসব আয়োজনে রান্নার জন্য বড় ডেগ (পাতিল) ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। ওই ঘটনায় হারিয়েছেন তাঁর স্ত্রীকে। হাসপাতাল থেকে এসে শুরু করেছিলেন সেই পুরোনো ব্যবসা। তবে, কাজ করতে গিয়ে দেখলেন, তাঁর মাথা, পিঠ ও হাতে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। বাধ্য হয়ে ব্যবসা ছেড়ে দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে চলে গেছেন গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। এখন কিছুই করতে পারেন না তিনি। আহত ব্যক্তিদের শারীরিক বিভিন্ন সমস্যা সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্তলাল সেন প্রথম আলোকে জানান, আহত ব্যক্তিদের কিছু আছেন যাঁদের সম্পূর্ণ সুস্থ হতে আরও বছর দুয়েক সময় লাগবে। নিয়মিত হাসপাতালে এসে তাঁদের চিকিৎসা নেওয়া উচিত। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে একটি তহবিল করা হয়েছে। এখান থেকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।