১৯৭১ সালের ৫ আগস্ট। কাদেরিয়া বাহিনী খবর পায়, পাকিস্তানি বাহিনী ঢাকা থেকে সাতটি জাহাজবোঝাই সমরাস্ত্র নিয়ে রওনা হচ্ছে। গন্তব্য উত্তরবঙ্গের ফুলছড়িঘাট। সেখানে অস্ত্র খালাস করে রংপুর আর সৈয়দপুর ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হবে। ১৫ আগস্টের আগে যেকোনো মুহূর্তে জাহাজ সিরাজগঞ্জ-মাটিকাটা অঞ্চল অতিক্রম করবে।বিস্তারিত খবর দিয়েছেন মমতাজ। ইনি বিড়িপাতা ব্যবসায়ী। জাতে বিহারি। তাঁর এক ভাই আছেন, জেটিতে চাকরি করেন। তিনি অত্যন্ত গোপনে এই খবর পাঠিয়েছেন।যমুনা নদীর পারে মাটিকাটা গ্রাম (টাঙ্গাইলের অধীন)। পাকিস্তানি বাহিনীর নৌবহর ধ্বংস করতে স্থানীয়ভাবে গড়ে ওঠা কাদেরিয়া বাহিনীর একটি দল এই গ্রামে অবস্থান নিয়েছে। দলনেতা হাবিব। কাদেরিয়া বাহিনীর কমান্ডার আবদুল কাদের সিদ্দিকী এই অঞ্চলেরই সন্তান।৯ আগস্ট ১৯৭১। পাকিস্তানি বাহিনীর ছোট-বড় সাতটি জাহাজ ধলেশ্বরী নদীর পাড়ে সিরাজকান্দি ঘাটে নোঙর করল। পরদিন অস্ত্রবাহী জাহাজগুলো কিছুদূর এগিয়ে নদীর মাঝখানে নোঙর ফেলল। খুব কাছেই মাটিকাটা বাজার। মুক্তিবাহিনী সেখানে ধ্যানী বকের মতো বাঘের থাবা মেলে বসে আছে। হাবিবের ওপর রেকি করার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঝাঁকি জাল কাঁধে ফেলে জলদাসের বেশে জাহাজ দেখতে গেলেন। বড় দুই জাহাজ ত্রিপল দিয়ে ঢাকা। সামনের দিকে মেশিনগান বসানো। ১০ আগস্ট রাতে উচ্ছ্বসিত হওয়ার মতো একটা ঘটনা ঘটল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেজাউল করিম একটা বড় দল নিয়ে মাটিকাটা গ্রামে কাদেরিয়া বাহিনীর সঙ্গে যোগ দিল। মুক্তিফৌজের কাছে আছে শুধু এলএমজি, রকেট লঞ্চার আর দুই ইঞ্চি মর্টার। অস্ত্রবোঝাই সাতটি জাহাজ আক্রমণের জন্য এই সামান্য অস্ত্র যথেষ্ট নয়। কিন্তু অধিনায়ক কাদের সিদ্দিকীর নির্দেশ—হামলা করতে হবে। শুধু হামলাতেই মামলা খতম হবে না, জাহাজগুলোর দখল নিতে হবে। মুক্তিফৌজের অস্ত্রশস্ত্রের খামতি আছে, এই সুযোগে পূরণ করে নেওয়া দরকার। রাতে হাবিব আরেকবার জাহাজটি ঘুরে এলেন। জাহাজে সতর্কতার নামগন্ধ নেই।পরদিন সকালবেলা একজন এসে খবর দিল, পাকিস্তানি জাহাজগুলো রওনা হয়েছে। বেলা ১১টার দিকে মুক্তিফৌজের অবস্থানের কাছাকাছি এসে পড়ল নৌবহর। মুক্তিবাহিনী ঘাপটি মেরে পড়ে আছে। সবার আগে গুলি চালাবেন হাবিব স্বয়ং। এর আগে অন্য কারও গুলি চালানো কঠোরভাবে নিষিদ্ধ।তরতর করে এগিয়ে যাচ্ছে পাকিস্তানি বাহিনীর জাহাজ। প্রথম দুটি জাহাজ ফটফটিয়ে চলে গেল। হাবিবের অস্ত্র নীরব। ফৌজের সবাই হাতিয়ার তাক করে আছে। ট্রিগারে আঙুল ছোঁয়ানো। গুলির আওয়াজ শুনতে পেলেই আঙুলগুলো ট্রিগার টেনে নেবে। কিন্তু হাবিব গুলি করছেন না। মুক্তিবাহিনী দম-বন্ধ করা উত্তেজনা নিয়ে অপেক্ষা করছেন। হাবিব করছেনটা কী? মুক্তিবাহিনীর নিশানার মধ্যে এখন বড় দুই ত্রিপল দিয়ে ঢাকা জাহাজ। জাহাজের গায়ে পরিষ্কারভাবে নাম পড়া যাচ্ছে: ‘এস ইউ ইঞ্জিনিয়ার্স এলসি-৩’ আর ‘এসটি রাজন’। দুটো জাহাজেরই দুই পাশে দুটি মেশিনগান নিয়ে খানসেনারা মশগুল হয়ে গালগপ্পো করছে। হঠাৎ দলনেতা হাবিবের এলএমজি গর্জন করে উঠল। শুধু এটুকুর জন্যই অপেক্ষায় ছিল সবাই। একঝাঁক মর্টার, এলএমজি ও রাইফেল নদীর দুই কিনার খানখান করে দিয়ে গুলি ছুড়ছে।রেজাউল করিমের নিশানা তাক লেগে যাওয়ার মতো। তিনি অব্যর্থভাবে পাকিস্তানি সেনাদের জাহাজে কয়েকটি দুই ইঞ্চি মর্টারের গোলা তুলে দিয়েছেন। তাঁর ডান দিক থেকে মঞ্জু রকেট লঞ্চার দিয়ে নির্বিকারভাবে রকেট ছুড়ছেন। তাঁর লক্ষ্য সারেঙের কেবিন আর নিচতলার খানসেনারা। রকেট আর এলএমজির গুলিতে খানসেনাদের অবস্থান ঝাঁঝরা হয়ে গেছে।বড় দুই জাহাজের পেছনে আরও দুটি জাহাজ। জাহাজের ওপর হামলা দেখে তাঁরা কী ভাবল খোদা জানে। হঠাৎ দেখা গেল, পেছনের জাহাজ দুটো গতি পাল্টে প্রাণপণে দক্ষিণ দিকে ছুটছে। বিপদ বুঝে ওরা চম্পট দিচ্ছে। সামনে এগিয়ে যাওয়া জাহাজগুলোও আক্রান্ত জাহাজের পাশে এসে দাঁড়াতে ভরসা পেল না। রসদবাহী জাহাজগুলো অকুস্থল ফেলে চলে যাচ্ছে।মুক্তিফৌজের মাঝারি মানের আক্রমণে জাহাজের খুব উনিশ-বিশ হয়নি। কিন্তু সারেং বোধ করি পটল তুলেছে। টলতে টলতে জাহাজ গিয়ে বালুচরে আটকে গেছে। পিলপিল করে পাকিস্তানি সেনারা জাহাজ থেকে বেরোচ্ছে। ঝটপট নদীতে তিন-চারটি স্পিডবোট নামিয়ে একদল পাকিস্তানি সেনা নিমিষেই পগার-পার। মুক্তিবাহিনীর গুলিতে অনেক পাকিস্তানি সেনা জাহাজের মধ্যে পড়ে আছে। যাদের এখনো মৃত্যু হয়নি তারা কাতরাচ্ছে। জাহাজ কবজায় আসার সঙ্গে সঙ্গে মাল খালাস শুরু হয়ে গেল। হইহই করতে করতে মুক্তিযোদ্ধারা জাহাজের খোলে নেমে পড়েছেন। ঝড়ের রাতে আম কুড়ানোর আনন্দে তাঁরা ভারী অস্ত্রের বাক্সগুলো নামাচ্ছেন। দুটো পেল্লাই জাহাজ ভর্তি ভয়ংকর সমরাস্ত্র, গোলাবারুদের খনি। মুক্তিফৌজ বিদ্যুদ্বেগে অস্ত্র খালাস করছেন।ছয় ঘণ্টা ধরে ক্লান্তিহীন পরিশ্রম করে মোটে পাঁচ শ বাক্স খালাস করা গেছে। দশ আনাই এখনো পাকিস্তানি বাহিনীর জাহাজে। ঘড়িতে ১০টা বাজল। দলনেতা হাবিব আর জাহাজে থাকা নিরাপদ মনে করছেন না। যেকোনো মুহূর্তে শত্রু দৈত্যের বল নিয়ে আক্রমণ করতে পারে। অকুস্থল ত্যাগ করা আবশ্যক।জাহাজ দুটো ধ্বংস করে দিতে হবে। এসব অস্ত্র আবার পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেওয়া যাবে না। জাহাজ দুটোতে আগুন দেওয়া হবে। ডিজেল এনে দুই জাহাজে ছড়িয়ে দেওয়া হলো। সারেং মোস্তফা জাহাজবিশারদ। তিনি জাহাজের ক্যাটারিং রুমে ঢুকে মোটা দুই তারের মাথা জাহাজের মাঝখানে নিয়ে এলেন। ব্যাটারির তারের দুই মাথায় টোকা দিতেই চোখ ধাঁধানো অগ্নিশিখা জ্বলে উঠেছে। আগুন দাউ দাউ করে গোটা জাহাজে ছড়িয়ে পড়ছে। খোলের মধ্যে গোলাবারুদ প্রচণ্ড নিনাদ করে ফাটতে শুরু করেছে।পাকিস্তানি বাহিনীর ২১ কোটি টাকার অস্ত্রশস্ত্র আগুনে পুড়ছে, নাহয় নদীতে ডুবছে।সূত্র: বাংলাদেশের মুক্তিযুদ্ধ (চতুর্থ খণ্ড)—সেনাসদর, শিক্ষা পরিদপ্তর; বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: সেক্টরভিত্তিক ইতিহাস (সেক্টর-১১)—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা