স্বাধীনতার চার দশক পূর্তির বছর পার করছি আমরা। স্বাধীনতার মাস মার্চে এখানে তুলে ধরা হচ্ছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কতগুলো উল্লেখযোগ্য যুদ্ধ-লড়াই-অভিযানবরিশাল ও ঝালকাঠির মাঝামাঝি চাচৈর (নলছিটি, ঝালকাঠি) গ্রাম। এই গ্রামের তরুণেরা নিজেরাই মুক্তিফৌজ গড়ে তুলেছেন। আশপাশের গ্রাম থেকেও ছেলেরা আসছেন। সব মিলিয়ে বিরাট একদল দাঁড়িয়ে গেছে। পাকিস্তানি সেনাদের সঙ্গে এঁদের প্রায়ই গোলাগুলি হচ্ছে।সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ক্যাপ্টেন শাহজাহান ওমর ৯ নম্বর সেক্টরের বরিশাল এলাকার দায়িত্ব নিলেন। নলছিটির ছেলেরা তাঁর সঙ্গে যোগ দিলেন। ১২ নভেম্বর রাতে ক্যাপ্টেন ওমর নৌপথে বিরাট বহর নিয়ে আশরাফ আলী মির্জার বাড়িতে এসে ক্যাম্প গাড়লেন। সংবাদ এসেছে, পাকিস্তানি বাহিনী কাল (১৩ নভেম্বর) চাচৈর আক্রমণ করবে। গণযোদ্ধা মোক্তারকে পাকিস্তানি সেনাদের ওপর নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে।১৩ নভেম্বর, ১৯৭১। ক্যাপ্টেন ওমর খালের মধ্যে তাঁর নৌকায় অবস্থান করছেন। খুব ভোরে খবর এল, পাকিস্তানি বাহিনী চাচৈর খন্দকারবাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। মাঝি দৌড়ে গেল মুক্তিবাহিনীর বিভিন্ন ক্যাম্পে খবর পৌঁছাতে। ওমর তাঁর দল নিয়ে হেঁটে খন্দকারবাড়ির দিকে এগোলেন। দলের সঙ্গে অস্ত্র সাকল্যে তিনটি—এসএলআর, দুই ইঞ্চি মর্টার, ২২ বোর রাইফেল। আর গণযোদ্ধা চুন্নুর নেতৃত্বে একটি দল পাঠালেন চাচৈর স্কুলে অবস্থান নিতে। খন্দকারবাড়ির আগুন নিভিয়ে ওমর আরও কিছু মুক্তিযোদ্ধা সংগ্রহ করে স্কুলের আশপাশে দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেন।সকাল নয়টায় ক্যাপ্টেন আজমত এলাহীর নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর একটি দলকে চাচৈর স্কুলের উত্তর পাড়ে দেখা গেল। চুন্নুর দল শত্রুর ওপর আক্রমণ শুরু করল। পাকিস্তানি বাহিনী চুন্নুর দলকে একমাত্র বাধা মনে করে চুন্নুর দিকে ধেয়ে এল আর চার্জ করা শুরু করল। চুন্নু কৌশলে এলাকা ছেড়ে সরে এলেন।পাকিস্তানি বাহিনী এগোতে থাকল ওমরের পাতা ফাঁদের দিকে। ওমরের প্রতীক্ষা শেষ হলো। ওমরের সংকেতে গর্জে উঠল মুক্তিযোদ্ধাদের অস্ত্র। মুক্তিসেনা আউয়াল পাকিস্তানি সেনাদের চার্জ করলেন। অনেক বুলেট বিঁধল তাঁর শরীরে। আউয়ালের নিঃশব্দ মৃত্যু মুক্তিযোদ্ধাদের একটা প্রচণ্ড ঝাঁকুনি দিল।মুক্তিফৌজ পাকিস্তানি বাহিনীকে ঠেসে ধরল। রাত আটটার মধ্যে ওরা পিছু হটল। কিছু পাকিস্তানি সেনা ও রাজাকার পাকড়াও হলো।দুঃসংবাদ বাতাসের আগে ছুটে গেল পাকিস্তানিদের বরিশাল ও ঝালকাঠি ক্যাম্পে। ১৪ নভেম্বর বরিশাল ও ঝালকাঠি থেকে দুটি দল দুদিক থেকে চাচৈরের দিকে এগোচ্ছে। নেতৃত্বে আবারও ক্যাপ্টেন আজমত। এবার সঙ্গে আছে সাঁজোয়া বহর। এগিয়ে যাওয়ার পথে হানাদার বাহিনী গ্রামকে-গ্রাম আগুন লাগিয়ে দিচ্ছে। পরাজয়ের রোষ ওরা নিরীহ মানুষের ঘরবাড়ির ওপর ফলাচ্ছে।ক্যাপ্টেন ওমর সব ক্যাম্পে খবর পাঠিয়েছেন। মুক্তিফৌজ পাকিস্তানি সেনাদের পিছু নিয়েছে। ওদের জ্বালানো আগুন ধৈর্যের সঙ্গে নেভাচ্ছে। পাকিস্তানি সেনারা জানত যে মুক্তিফৌজ আগুন নেভাতে আসবে। তারা ফাঁদ পাতল। মুক্তিফৌজের সহ-অধিনায়ক মানিক পাকিস্তানি সেনাদের অবস্থান টের পেয়ে গেলেন। মুক্তিবাহিনী দাঁতে দাঁত চেপে চূড়ান্ত আদেশের অপেক্ষায়। পজিশন নিয়ে আক্রমণ শুরু করল।পাকিস্তানি বাহিনীও পাল্টা জবাব দিচ্ছে। খবর পেয়ে চারদিক থেকে মুক্তিফৌজের ছোট ছোট গ্রুপ আসতে শুরু করেছে। রক্তক্ষয়ী যুদ্ধ আরম্ভ হলো। পাকিস্তানি সেনারা আক্রমণ করছে দুদিক থেকে। বিচলিত না হয়ে মুক্তিযোদ্ধারা উপযুক্ত জবাব দিচ্ছেন। যুদ্ধ শুরু হয়েছিল সকালবেলা। এখন গোধূলি। গ্রামগুলোর আগুন নিভে গেছে। পাকিস্তানি সেনারা আর দাঁড়াতে পারছে না।সকাল থেকে জমতে থাকে লাশ আর লাশ। লাশ সামনে রেখে কাঁহাতক আর যুদ্ধ করা যায়। এখন পাকিস্তানিদের পালানোর পালা। প্রাণপণে পালাচ্ছে। পাকিস্তানি বাহিনীর শৃঙ্খলা অনেক আগেই কেঁচে গেছে। আলো নিভে যাওয়ায় পালানোর পথ মসৃণ হয়েছে। কিন্তু ওদের কপাল মন্দ। অনেকেই সাঁতার পর্যন্ত জানে না। খাল সাঁতরাতে গিয়ে আকণ্ঠ পানি খেয়ে কিছু খানসেনা ভেসে উঠল।অন্ধকার বেশ জাঁকিয়ে বসেছে। কয়েকজন পরিত্যক্ত এক বাড়ির মধ্যে ঢুকেছে। মুক্তিবাহিনী অচিরেই তাদের আবিষ্কার করে ফেলল। এবার প্রতিশোধের পালা।মুক্তিফৌজের বুকের মধ্যে গুনগুনিয়ে গান বাজছে।‘যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখাসারাটি জনম সে মাটির টানে অস্ত্র ধরি।মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।’সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস (সেক্টর-নয়)—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা