আবাসিক এলাকায় বহাল তবিয়তে রাসায়নিক প্রতিষ্ঠান, সরকার নির্বিকার
আগুনের ভয়ে ঘুম আসে না
রাত নামলেই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে পুরান ঢাকার আরমানিটোলার বাসিন্দারা। ঘুমের মধ্যে যেকোনো সময় আগুনে দগ্ধ হয়ে মারা যেতে পারে—এমনই আশঙ্কা তাদের। কারণ, তাদের বাসাবাড়ির নিচে ও আশপাশে রয়েছে রাসায়নিকের অনেক দোকান, গুদাম ও কারখানা। শুধু আরমানিটোলা নয়, পুরান ঢাকার বিভিন্ন আবাসিক এলাকার বাসিন্দারা এই আতঙ্কের মধ্যে বসবাস করছে। গত বছরের নিমতলী ট্র্যাজেডির পর থেকে এই আতঙ্কের শুরু। সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় এর মাত্রা আরও বেড়ে গেছে। আতঙ্কের আরও বড় কারণ, রাসায়নিকের গুদাম, দোকান ও কারখানাগুলো আবাসিক এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য সরকারের বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেছে প্রায় এক বছর আগে। কিন্তু ব্যবসায়ীরা সেগুলো সরানোর কোনো উদ্যোগই নিচ্ছেন না। সরকারও এ ব্যাপারে নির্বিকার। এ ব্যাপারে জানতে চাইলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, রাসায়নিকের গুদাম ও কারখানা উচ্ছেদের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকলেও ব্যবসায়ীরা নিজেরাই সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন। সে অনুযায়ী কিছু কিছু সরে গেলেও অধিকাংশ এখনো রয়ে গেছে। সরকার যে সুযোগ দিয়েছে, ব্যবসায়ীরা তার অপব্যবহার করছেন। মন্ত্রণালয় এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবে।যোগাযোগ করা হলে বাংলাদেশ পেইন্ট ডাইস কেমিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম বলেন, সরকার চায় না রাসায়নিক ব্যবসা বন্ধ হোক। আবার সরকারের পক্ষ থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা স্থানান্তরের কোনো স্থান এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাই এগুলো সরানো যাচ্ছে না।তবে স্থানীয় লোকজনের অভিযোগ, প্রশাসন ও প্রভাবশালী ব্যক্তিদের টাকা দিয়ে ব্যবসায়ীরা পুরান ঢাকায় নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ কারণে কিছু হচ্ছে না।নিমতলীর মর্মান্তিক ঘটনার পরপরই সরকার আবাসিক এলাকা থেকে সব রাসায়নিকের কারখানা, গুদাম-দোকান উচ্ছেদ করার নির্দেশ দেয়। গত বছরের ১৭ আগস্ট ছিল এই উচ্ছেদের শেষ সময়। এরপর সময় বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়।ফায়ার সার্ভিসের সূত্র অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশন এলাকায় রাসায়নিকের গুদাম ও কারখানার সংখ্যা ৯৯৪টি। এর মধ্যে ফায়ার সার্ভিসের অনুমোদিত (ফায়ার লাইসেন্স পাওয়া) প্রায় ২০০টি। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ওয়্যার হাউস ও ফায়ার প্রিভেনশন) জহুরুল আমিন বলেন, গত এক বছরে ভ্রাম্যমাণ আদালত প্রায় ৭০টি অভিযান পরিচালনা করেছেন। এর মাধ্যমে চারটি গুদাম সিলগালা করা হয়। নয়টি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়, যার মধ্যে পাঁচটির নিষ্পত্তি হয়েছে। ওই পাঁচটি প্রতিষ্ঠানও অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ৮৬৭টি রাসায়নিকের কারখানা লাইসেন্সবিহীন।তবে অন্যান্য সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরান ঢাকায় রাসায়নিকের গুদাম ও কারখানা রয়েছে ১০ হাজারের বেশি। অধিকাংশ গুদামে অতি দাহ্য রাসায়নিক পদার্থ রাখা হলেও একটি গুদামও বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন নেয়নি। পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক খায়রুল বাশার প্রথম আলোকে বলেন, বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদিত কোনো গুদাম পুরান ঢাকায় নেই। কেরানীগঞ্জে কয়েকটি রয়েছে।গত বছরের ৩ জুন নিমতলীর ঘটনার পর রাজধানীর আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা সরানোর বিষয়ে কয়েক দফা বৈঠক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে গত বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে বিস্ফোরক পরিদপ্তর, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগসহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠিত হয়। টাস্কফোর্স স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে ১৯টি সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দেয়।ওই সুপারিশের ভিত্তিতে চলতি বছরের ২০ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এক আন্তমন্ত্রণালয় সভা হয়। সভায় পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম, কারখানা, দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ঢাকার বাইরে কেরানীগঞ্জ বা কামরাঙ্গীরচরে স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে স্থান নির্বাচন কমিটি ও নীতিমালা প্রণয়নের জন্য টেকনিক্যাল কমিটি নামে দুটি কমিটি গঠন করা হয়। যোগাযোগ করা হলে স্থান নির্বাচন কমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাসায়নিকের গুদাম, কারখানা ও প্রতিষ্ঠান স্থানান্তরের জন্য কমিটি ইতিমধ্যে কেরানীগঞ্জ এলাকায় ২০ একর জমি নির্বাচন করেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কাল সোমবার বিষয়টি নিয়ে শিল্প মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।রাসায়নিকের গুদামের ওপর বাসা: সরেজমিনে দেখা গেছে, আরমানিটোলাসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ভবনের নিচতলায় রাসায়নিকের গুদাম, তার ওপরের তলাগুলোতে আবাসিক বাসা। স্থানীয়দের আশঙ্কা, আগুন লাগলে এর যেকোনো স্থানে নিমতলীর মতো আরও একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আরমানিটোলার নূরু নামের এক ব্যক্তি বলেন, ‘আগুনের ভয়ে রাতের বেলা ঘুমাইতে পারি না। কোন সময় যে জ্বলে পুড়ে ছাই হইয়া যাই!’আগামসিহ লেন, আগা সাদেক লেনসহ কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায়, প্লাস্টিকের বিভিন্ন উপকরণ, জুতা, বিভিন্ন রাসায়নিক কারখানার কাঁচামাল, ক্যারম বোর্ড, বৈদ্যুতিক পাখা, বিভিন্ন বৈদ্যুতিক উপকরণসহ হরেক রকমের কারখানা, গুদাম আর দোকানে ভরপুর। এগুলোর ওপরে মানুষের বসবাস।হুমকি-ধমকি: সম্প্রতি আরমানিটোলার গোবিন্দ দাস লেন ও শরৎ গুপ্ত লেনে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় বিক্ষোভ করেছে এলাকাবাসী। স্থানীয় লোকজনের অভিযোগ, বিক্ষোভ করায় ব্যবসায়ীদের পক্ষ নিয়ে আওয়ামী লীগের কয়েকজন স্থানীয় নেতা তাঁদের হুমকি দিচ্ছেন। সম্প্রতি রাসায়নিকের গুদাম ও কারখানা সরানোর দাবিতে পরিবেশ বাঁচাও আন্দোলনের মানববন্ধনেও তাঁরা বাধা দেন। স্থানীয়দের শাসিয়ে মানববন্ধন থেকে বিরত রাখা হয়।