আগুনের সূত্রপাত যেভাবে
কলকাতার আমরি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ কী? হাসপাতালটির কোথা থেকে এ ভয়াবহ আগুন লাগল? আর সেই আগুন এত দ্রুত কীভাবে ছড়িয়ে পড়ল? এ প্রশ্ন নাড়া দিচ্ছে কম-বেশি সবাইকেই। প্রাথমিক তদন্তে জানা গেছে, অগ্নিকাণ্ড প্রতিরোধে সতর্কতামূলক কোনো ব্যবস্থাই ছিল না হাসপাতালে। বহুতল ভবনের ওই হাসপাতালটি পুরোটাই ছিল শীতাতপ নিয়ন্ত্রিত। কিন্তু অগ্নিকাণ্ড থেকে বাঁচার মতো বা সতর্কতামূলক ব্যবস্থা ছিল খুবই অপ্রতুল। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, আমরি হাসপাতালের বেজমেন্ট গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহূত হওয়ার কথা থাকলেও সেটি গুদাম হিসেবে ব্যবহূত হতো, সেখানে ওষুধ ও যন্ত্রপাতি রাখা হতো। ফলে জায়গাটি একটি আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল। অগ্নিনির্বাপক বাহিনীর বিশেষজ্ঞরা বলেছেন, বেজমেন্টে রাখা জিনিসপত্রের অনেকগুলোই ছিল দাহ্য বস্তু। তাঁরা ধারণা করছেন, বেজমেন্ট প্রথমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে দাহ্য ওই সব জিনিসগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।পশ্চিমবঙ্গের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, হাসপাতালের বেজমেন্টে অবৈধভাবে জিনিসপত্র রাখা হতো। বেজমেন্টকে ব্যবহার করা হতো গুদাম বা স্টোর হিসেবে। এভাবে নিরাপত্তাব্যবস্থা লঙ্ঘন করার কারণে আমরি হাসপাতালে এ রকম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।জি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীরা জানায়, বেজমেন্টের যেখানে বৈদ্যুতিক জিনিসপত্র রাখা হয়, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। রাত তিনটার দিকে সেখানে প্রথমে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই দোতলা ও তিনতলায় আগুন ছড়িয়ে পড়ে। আটকে পড়েন সেখানকার রোগীরা। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেন।