আগে আত্মনির্ভরশীল হতে হবে
গত ১ জুন নারীমঞ্চে প্রকাশিত মিতা মেহজাবিনের লেখা ‘মেয়েটিকে কাজ করতে উৎসাহ দিন’ লেখাটির সঙ্গে আমিও একমত। আমি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী অনেক নারীকে দেখেছি যাঁরা শুধু সহযোগিতা ও সমর্থনের অভাবে কর্মক্ষেত্রে যোগ দিতে পারেননি। দেখেছি তাঁদের হতাশা, অন্তর্জ্বালা আর নানামুখী মেধার মৃত্যুকে। আমি নিজেও একজন ভুক্তভোগী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরও বিয়ের পর স্বামীর আদেশ মেনে নিতে বাধ্য হয়েছি। স্বামীর কথা, ‘আমার বাচ্চারা বুয়ার কাছে মানুষ হোক এটা আমি চাই না।’ তার এই একটি কঠোর কথার কারণে ভেঙে চুরমার হয়ে গেছে আমার আজন্ম লালিত নানা স্বপ্ন। ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি নানা ভালো সুযোগ, যে সুযোগগুলো জীবনে আর কখনো ফিরে আসেনি এবং আসবেও না। সে সময় স্বামীর কথার প্রতিবাদ করতে পারিনি। আজ আমি একজন ভালো গৃহিণী, ভালো মা। কিন্তু তার পরও একটা জায়গায় আমি ভীষণ একা; সে জায়গাটায় আমার পাশে কেউ নেই, আছে শুধুই শূন্যতা। আর আছে স্বপ্নভঙ্গের চাপা কান্না। তাই এ যুগের শিক্ষিত বোনদের কাছে আবেদন, বিয়ের আগেই নিজেকে প্রতিষ্ঠিত করুন এবং মূল্য দিন সবার আগে নিজেকে। আর সম্মানিত অভিভাবকদের প্রতি আহ্বান, শত প্রতিকূলতার মধ্যেও নিজের মেয়েসন্তানকে সাহস জোগান, সহযোগিতা করুন আত্মনির্ভরশীল হওয়ার ব্যাপারে। মেধাগুলো সঠিক ও ভালো কাজে লাগানোর সুযোগ কনে দিন।সাবিনা, গোড়ান, ঢাকা।