আগে কখনো এমন পরিস্থিতি হয়নি
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, বর্তমান সাংঘর্ষিক রাজনীতিতে বাংলাদেশ যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, এর আগে কখনো এমন পরিস্থিতি হয়নি। এ অবস্থায় রাজনীতিকদের হাতে সবকিছু ছেড়ে না দিয়ে নাগরিকদের সক্রিয় ভূমিকা রেখে প্রতিরোধ গড়ে তুলতে হবে।আজ বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমেদ স্মরণে এক আলোচনা সভায় আকবর আলি খান এ কথা বলেন। ‘গড়ব বাংলাদেশ’ নামে একটি সংগঠন ‘অধ্যাপক মোজাফফর আহমেদ-এর দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে আকবর আলি খান বলেন, অধ্যাপক মোজাফফর আহমেদ এক অনন্য সাধারণ মানুষ এবং একজন সচেতন নাগরিক ছিলেন। তিনি দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, পরিবেশ রক্ষা ছাড়াও যখনই বড় কোনো সমস্যার দেখা দেয়, তখনই জাতির বিবেক হিসেবে তিনি সঠিক পথ নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মোজাফফর আহমেদকে হারিয়ে আমরা এতিম হয়ে গেলাম। বাংলাদেশ বর্তমান সাংঘর্ষিক রাজনীতিতে যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, এর আগে কখনো এমন পরিস্থিতি হয়নি। আজ আমরা তাঁকে মর্মে মর্মে উপলব্ধি করছি। তিনি থাকলে দিক-নির্দেশনা পেতাম।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, মোজাফফর আহমেদ যাওয়ার সময় তাঁর কতগুলো কাজ ও বক্তব্য রেখে গেছেন। তাঁর জীবন ও বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যাবে, দেশের রাজনীতি শুধু রাজনীতিকদের হাতে ছেড়ে দেওয়া নয়, জনগণের ওপর রাজনীতিকে ছেড়ে দিতে হবে। যেখানেই নাগরিকেরা সমস্যার সম্মুখীন হবে, সেখানেই এগিয়ে এসে বক্তব্য তুলে ধরতে হবে। চুপ করে বসে থাকা যাবে না। তিনি বলেন, সর্বক্ষেত্রে নাগরিকদের সজাগ, সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। নইলে দুঃশাসন দেখা দেবে। এর জন্য কোনো রাজনৈতিক দল করার প্রয়োজন নেই।আলোচনায় অংশ নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, ‘যদি অধ্যাপক মোজাফফর আহমেদের আকাঙ্ক্ষার সুশাসন ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে হয়, তাহলে প্রচলিত দলীয় আধিপত্যবাদী রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে।’গড়ব বাংলাদেশের সভাপতি শাহেদা ওবায়েদের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন সংগঠনের মুখপাত্র কামরুল হাসান, জাতীয় নাগরিক মঞ্চের প্রধান ফরিদুল আকবর প্রমুখ বক্তব্য দেন।