এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১৯ এপ্রিল এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপণন বিভাগের অধ্যাপক মো. আশরাফুল ইসলাম চৌধুরী। কথা বলেছেন কথাবন্ধু পম্পা ঘোষের সঙ্গে। বিসিএস পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি। অনুষ্ঠানে অতিথি বন্ধু ছিলেন দুই শিক্ষার্থী জুবায়ের ও মাঈনুদ্দিন।কথাবন্ধু: আপনি তো বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) একজন সদস্য ছিলেন, এ প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত কিছু বলুন।মো. আশরাফুল ইসলাম চৌধুরী: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা নিয়োগের জন্য অনুষ্ঠিত হয় বিসিএস পরীক্ষা। এ পরীক্ষার তিনটি ধাপে উত্তীর্ণ হয়ে এবং আরও কিছু আনুষঙ্গিক পদ্ধতি পার হয়ে একজন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হন। প্রথমে বিভিন্ন মন্ত্রণালয় থেকে তাদের কোথায় শূন্য পদ রয়েছে, তা সংস্থাপন মন্ত্রণালয়ে জানানো হয়। কোন ক্যাডারে কতটি পদ খালি আছে, এর ভিত্তিতে তারা একটি তালিকা তৈরি করে বিপিএসসিতে পাঠায়। এরপর কমিশন একটি বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে বলা হয়, কোন পদের জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার। এ ছাড়া পরীক্ষার বিষয়বস্তু কী হবে, পরীক্ষার ধাপগুলো কী হবে—এসবের বিস্তারিত থাকে। বিজ্ঞাপন দেওয়ার একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ করে তা কমিশনে পাঠাতে বলা হয়। পরীক্ষা থেকে শুরু করে প্রার্থী নির্বাচন করা পর্যন্ত সব কাজই বিপিএসসি করে থাকে।কথাবন্ধু: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা কয় ভাগে বিভক্ত, লিখিত ও মৌখিক পরীক্ষাগুলো সাধারণত কীভাবে হয়?মো. আশরাফুল ইসলাম চৌধুরী: শুরুতেই তিনটি ধাপে পরীক্ষা হয় এবং আরও কিছু আনুষঙ্গিক পদ্ধতি পার হয়ে একজন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হন। শুরুতেই ১০০ নম্বরের একটি প্রিলিমিনারি অর্থাৎ প্রাথমিক বাছাই পর্বের পরীক্ষা হয়। যার প্রশ্নগুলো হয় এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন। যেখানে প্রায় দুই লাখেরও বেশি প্রার্থী থাকে। এরপর সেখান থেকে প্রতি পদের বিপরীতে ৯ থেকে ১০ জনের একটি তালিকা তৈরি করা হয়। তারপর তাঁদের একটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত পরীক্ষার প্রশ্ন হয় বাংলা ও ইংরেজিতে। বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, গণিত এবং সাধারণ বিজ্ঞানের ওপর। লিখিত পরীক্ষায় যাঁরা কমপক্ষে ৪৫ শতাংশ নম্বর পান, তাঁদের সবাইকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। তবে বাছাই পরীক্ষার নম্বর কোথাও যোগ হয় না। লিখিত পরীক্ষার সঙ্গে মৌখিক পরীক্ষার নম্বর যোগ করে ফল তৈরি করে কোটা বণ্টন করা হয়। এখানে ৫৫ শতাংশ কোটাভিত্তিক নিয়োগ এবং ৪৫ শতাংশ মেরিট অর্থাৎ মেধাভিত্তিক নিয়োগ দেওয়া হয়।কথাবন্ধু: বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হয়?মো. আশরাফুল ইসলাম চৌধুরী: চার বছরের স্নাতক (সম্মান) পাস করলে বিসিএসের জন্য আবেদন করা যায়। যাঁদের এখনো অনার্সের ফল বের হয়নি, তাঁরা অ্যাপিয়ার্ড সার্টিফিকেট অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণের সনদ নিয়েও পরীক্ষা দিতে পারবেন। কিন্তু শর্ত হলো, চাকরিতে যোগদানের আগে আপনাকে অবশ্যই মূল সনদ জমা দিতে হবে। মাঈনুদ্দিন: আমরা যারা এখনো স্নাতক পাস করিনি, তারা কীভাবে বিসিএসের জন্য প্রস্তুতি নিতে পারি? মো. আশরাফুল ইসলাম চৌধুরী: বিসিএসের জন্য কোনো সুনির্দিষ্ট সময় নিয়ে প্রস্তুতি নেওয়া উচিত নয়। ছয় মাস প্রস্তুতি নিলেই যে কেউ উত্তীর্ণ হবে—এ রকম কোনো বিষয় নেই। এ জন্য দীর্ঘ সময় নিয়ে প্রস্তুতির প্রয়োজন। এরপর সাধারণ জ্ঞান, প্রাত্যহিক বিষয়, আন্তর্জাতিক বিষয় ইত্যাদির ওপর অনেক পড়তে হবে। এ জন্য অনেক আগে থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে। কথাবন্ধু: ক্যাডার এবং নন-ক্যাডার পদের মধ্যে তফাৎ কী?মো. আশরাফুল ইসলাম চৌধুরী: ক্যাডার হচ্ছে সুনির্দিষ্ট কয়েকটি বিশেষ ধরনের চাকরি, যেমন— পুলিশ বিভাগ, শিক্ষা, টেলিকমিউনিকেশন, শুল্ক, আয়কর বিভাগ—এগুলো হচ্ছে ক্যাডার। ক্যাডারের একটি সুবিধা হলো, এটি প্রথম শ্রেণীর। কারণ ক্যাডার থেকে যেকোনো বিভাগেই যাওয়ার স্বাধীনতা থাকে। নন-ক্যাডারে তেমন কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রয়েছে। ক্ষমতার গণ্ডিও সীমাবদ্ধ থাকে। কারণ নন-ক্যাডার পদে যাঁরা থাকেন, তাঁদের সেই বিভাগেই স্থায়ীভাবে যুক্ত থাকতে হয়। অতিথি বন্ধু শিক্ষার্থী জুবায়ের: ক্যাডার এবং নন-ক্যাডার—এ দুটিতে কি একই প্রক্রিয়ায় পরীক্ষা হয়? মো. আশরাফুল ইসলাম চৌধুরী: না, এখানে পরীক্ষার ভিন্নতা রয়েছে। নন-ক্যাডারে একটি প্রিলিমিনারি অর্থাৎ প্রাথমিক বাছাই পর্বের পরীক্ষা হয়। এরপর হয় মৌখিক পরীক্ষা। এখানে লিখিত পরীক্ষা হয় না। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। এরপর প্রতি পদে মৌখিক পরীক্ষার জন্য ৯ থেকে ১০ জনের একটি তালিকা তৈরি করে কমিশন। কথাবন্ধু: বর্তমান প্রজন্মের জন্য আপনার দিকনির্দেশনা কী?মো. আশরাফুল ইসলাম চৌধুরী: জ্ঞান অর্জনের জন্য নিজেকে তৈরি করার সংক্ষিপ্ত কোনো পথ নেই। এ জন্য অধ্যবসায় প্রয়োজন। এটাকে এবাদত হিসেবে নিতে হবে। পড়ার কোনো বিকল্প নেই। পত্রিকা পড়তে হবে। টেলিভিশন দেখতে হবে। ইন্টারনেট ঘাঁটতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে। তাহলে সফলতা আপনার দ্বারপ্রান্তেই থাকবে। গ্রন্থনা: সুদীপ দো