আগে নিজেরা বদলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবার্ট রুবচিচের অনাকাঙ্ক্ষিত বিদায় বাংলাদেশের ফুটবলে কোচ বদলের সংস্কৃতির সর্বশেষ উদাহরণ। একের পর এক কোচ বদলের কারণে ফুটবলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে। নতুন কোচের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ‘সিরিজ দ্বন্দ্বে’ ত্যক্ত-বিরক্ত ফুটবলার থেকে শুরু করে দেশের সর্বস্তরের ক্রীড়াপ্রেমী মানুষ। গত তিন বছরে চতুর্থ বিদেশি কোচ হিসেবে ৫৬ বছর বয়সী মেসিডোনীয় নিকোলা ইলিয়েভস্কিকে নিয়োগ দেওয়া হয়েছে। যাবতীয় সমস্যা সমাধানের উপায় হিসেবে যদি নতুন হাইপ্রোফাইল কোচকেই ভেবে থাকে বাফুফে, সেটা হবে নিতান্ত আহাম্মকি। কোচের প্রাপ্য স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। আমাদের ঘরোয়া অবকাঠামো ও ফুটবলের মান বোঝার জন্য যথেষ্ট সময় ও সুযোগ দিতে হবে নতুন কোচকে। কোচ, খেলোয়াড় ও বোর্ডের মধ্যে সুসম্পর্ক তৈরি করা এবং তা বজায় রাখা জরুরি। এতে সম্মিলিতভাবে দীর্ঘমেয়াদি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে করণীয় নির্ধারণ করা সহজ হয়। ফুটবল খেলায় কোচের ভূমিকা অনেক। অনেকের মতে, ফুটবল ৫০ শতাংশ কোচের খেলা। কোচের ৪-৪-২ বা ৪-২-৩-১ পদ্ধতির আক্রমণাত্মক ফুটবলের পরিকল্পনাটা তো মাঠে বাস্তবায়ন করতে হয় খেলোয়াড়দেরই। তাই মাঠের খেলায় যেমন খেলোয়াড়দের উদ্বুদ্ধ হতে হবে, মাঠের বাইরে তেমনি বাফুফেকে ইতিবাচক মনোভাব দেখাতে হবে। অন্যথায় দূর-দূরান্ত থেকে কোচ উড়িয়ে আনাই সার হবে। ব্যর্থতার বৃত্তে হাঁসফাঁস করবে আমাদের ফুটবল।সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহপ্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা।