আগে ভূমি সমস্যার সমাধান চেয়ে সন্তু লারমার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কোনো প্রতিনিধির অংশগ্রহণ ছাড়াই হয়ে গেল তিন পার্বত্য জেলার ভূমি সমস্যাবিষয়ক আন্ত মন্ত্রণালয়ের সভা। আজ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে আরেকটি পূর্ণাঙ্গ সভা করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা সভায় উপস্থিত না হলেও তাঁর পক্ষ থেকে ভূমি মন্ত্রণালয়ের উদ্দেশে একটি চিঠি দেওয়া হয়। ভূমিসচিব আতোহারুল ইসলাম চিঠিটি পাঠ করে শোনান। চিঠিতে বলা হয়, শান্তিচুক্তি অনুযায়ী আগে ভূমি সমস্যার সমাধান করতে হবে। ভারত থেকে ফিরে আসা উদ্বাস্তুদের অনেকেই এখনো ভূমি ফিরে পাননি। পাহাড়িদের বেহাত হওয়া জমি ফিরিয়ে আনাসহ ভূমি সমস্যার সমাধান করতে হবে। তারপর ভূমি জরিপ শুরু করা উচিত বলে তিনি মত দেন। সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী রেজাউল করিম ভূমি জরিপ শুরু করার ক্ষেত্রে জরিপ কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়া উচিত বলে মন্তব্য করেন। এ জন্য জরিপ প্রক্রিয়ায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, স্থানীয় সাংসদ, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বের সহযোগিতা প্রয়োজন। এপ্রিলের মাঝামাঝি সময়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেখানে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যাপারে জোর দেন তিনি। সভায় পার্বত্য জেলাগুলোতে পূর্ণাঙ্গ জরিপ ও রেকর্ড তৈরির জন্য পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় নিয়ে আসা, জরিপ পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা, জরিপের বাধাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ভূমিকা নির্ধারণ করা এবং কমিশন এর আগে যে কার্যক্রমগুলো নিয়েছে তা পর্যালোচনা করা হয়। ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম, জরিপ অধিদপ্তর, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন। সভার কার্যবিবরণীতে বলা হয়, কৃষি ও অকৃষি উভয় শ্রেণীর জমি বিভাজনের ফলে খণ্ডিত হচ্ছে। মৌজা, খতিয়ান নম্বর ও দাগ নম্বর না থাকায় জমির সীমানা বিরোধ সৃষ্টি হচ্ছে। ভূমি বিরোধের ফলে দেওয়ানি ও ফৌজদারি মামলার সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে পার্বত্য চট্টগ্রামের জনসাধারণের মধ্যে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।