বাংলাদেশের লাভ-ক্ষতির হিসাব নিরূপণের আগ পর্যন্ত টিপাইমুখ বাঁধ প্রকল্প বাস্তবায়ন না জন্য ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সদস্য আবদুর রহমান সাংবাদিকদের বলেন, আসন্ন যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকে টিপাইমুখ বাঁধ নির্মাণের ব্যাপারে বাংলাদেশের অবস্থান কী হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ যাতে কিছুতেই ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়েছে।আবদুর রহমান আরও বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ সমীক্ষার প্রয়োজন আছে। এই বাঁধ নির্মিত হলে বাংলাদেশের কী ধরনের ক্ষতি বা লাভ হবে, সেটা সমীক্ষার মাধ্যমে নিরূপণ করতে হবে। এই বাঁধ নির্মাণের ফলে কোনোভাবেই বাংলাদেশের পানির সংকট বা বন্যার সমস্যা যেন না হয়, তা সমীক্ষার মাধ্যমে ঠিক করতে হবে। তার আগ পর্যন্ত এই প্রকল্প যাতে বাস্তবায়িত না করা হয়, সে জন্য কমিটি মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে। তিনি জানান, সামনে যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। সেখানে বিষয়গুলো উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।কমিটির সদস্য পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বৈঠক শেষে জানান, টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়ে যৌথ সমীক্ষার জন্য বাংলাদেশ ভারতের কাছে কারিগরি দল গঠনের যে প্রস্তাব দিয়েছে, তার কোনো জবাব পাওয়া যায়নি। গত ২৩ নভেম্বর এই প্রস্তাব পাঠানো হয়।কমিটি সূত্র জানায়, ভারতের মণিপুর রাজ্যের বরাক নদীর টিপাইমুখ বাঁধের ১০০ কিলোমিটার ভাটিতে এক হাজার ৬০০ হেক্টর জমিকে ঘিরে ইরিগেশন প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। রমেশ চন্দ্র সেন বলেন, বরাক নদীর ভাটিতে কোনো ধরনের ইরিগেশন প্রকল্প গ্রহণ না করার জন্য ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে।বৈঠকে কমিটির সভাপতি আবদুর রাজ্জাকের অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন সদস্য আবদুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য রমেশ চন্দ্র সেন, মাহবুবুর রহমান ও এ বি এম রুহুল আমিন হাওলাদার।