আগে স্বৈরাচারকে ত্যাগ করুন
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক সরকারি দল আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, অনেক রক্ত ও জীবন উত্সর্গ করে নয় বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। সেই স্বৈরাচারের সঙ্গে জোট পাকিয়ে আপনারা মহাজোট করে বিএনপিকে জামায়াত-শিবির ত্যাগ করার কথা বলতে পারেন না। আগে আপনারা স্বৈরাচারকে ত্যাগ করেন, পরে আমাদেরকে উপদেশ দিন।আজ বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে তৃণমূল ফোরামের উদ্যোগে ‘চলমান রাজনীতি: সরকারের ভূমিকা, আতঙ্কিত জনগণ ও দেশপ্রেমিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বিরোধীদলীয় চিফ হুইপ এ কথা বলেন। সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।জয়নুল আবদীন ফারুক বলেন, ‘বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের ১৬ কোটি মানুষ। ভারতকে আমরা বন্ধু মনে করি। সরকার যদি ভারতের প্রেসক্রিপশনে একের পর এক নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাহলে তার জবাবদিহি তাদের করতে হবে।’ তিনি ছাত্রলীগ-যুবলীগকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে অভিযোগ করেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এদের তৈরি করছেন। সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, যুবদলের সহসভাপতি ফারুক আহমেদ।