বাংলাদেশ ব্যাংক আটকে দিলেও আদালতের নিষেধাজ্ঞা নিয়ে অর্থ তুলে নেয় গ্রুপটি
আগেও ব্যাংকে জালিয়াতি করেছে বিসমিল্লাহ গ্রুপ
বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ নতুন নয়। সরকার দেশের রপ্তানি উন্নয়নে স্থানীয় মূল্য সংযোজনের ভিত্তিতে বিভিন্ন হারে নগদ সহায়তা দিয়ে আসছে। বিসমিল্লাহ গ্রুপ নানা ফন্দিফিকির ও জালিয়াতি করে এই নগদ সহায়তার কোটি কোটি টাকা আগেও আত্মসাৎ করেছে। দুই বছর আগে বাংলাদেশ ব্যাংক এক বিশেষ পরিদর্শনে বিসমিল্লাহ গ্রুপের বেসরকারি প্রাইম ব্যাংকের মাধ্যমে ১৭ কোটি টাকা এবং জনতা ব্যাংকের মাধ্যমে তিন কোটি ৭৯ লাখ টাকার নগদ সহায়তা জালিয়াতির তথ্য উদ্ঘাটন করেছিল। একই সময়ে জনতা ও সাউথইস্ট ব্যাংকে আরও বিপুল পরিমাণ নগদ সহায়তা পাওয়ার আবেদন জমা করেছিল বিসমিল্লাহ। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বিসমিল্লাহ গ্রুপের ফন্দিফিকির ধরে ফেলার পর আর সরকারি অর্থ ছাড় করা হয়নি।গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খাজা সোলেমান আনোয়ার চৌধুরী সে সময়ে নানা ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা চালান। কোনো কিছুতেই কাজ না হওয়ায় শেষে আদালতে হাজির হন তিনি। আদালত থেকে স্থগিতাদেশ পাওয়ায় নগদ সহায়তার নামে প্রায় ২১ কোটি টাকা প্রাইম ও জনতা ব্যাংক থেকে বের করে নেয় বিসমিল্লাহ গ্রুপ।সে সময়ে বিসমিল্লাহ টাওয়েলস, আলফা কম্পোজিট টাওয়েলস এবং হিন্দুল ওয়ালী টেক্সটাইলের মাধ্যমে সোলেমান চৌধুরী নগদ সহায়তার এই অর্থ হাতিয়ে নেন। এই তিন প্রতিষ্ঠান সুতা কিনতে ব্যাক টু ব্যাক এলসি দেয় বে-ইয়ার্নকে। কিন্তু, বাংলাদেশ ব্যাংক সরেজমিনে গিয়ে বে-ইয়ার্ন নামের কোনো স্পিনিং (সুতা উৎপাদন) মিল পায়নি। প্রাইম ব্যাংকের কাগজপত্রে বে-ইয়ার্নের মালিক হিসেবে জনৈক মহিউদ্দীন আহমদের নাম থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন দল দেখেছে, এর মূল সুবিধাভোগী খাজা সোলেমান আনোয়ার চৌধুরী নিজেই।২০১১ সালের মে মাসে বাংলাদেশ ব্যাংক এই পরিদর্শন প্রতিবেদন চূড়ান্ত করে ব্যাংকগুলোকে কিছু নির্দেশনা দেয়। সে সময় প্রতিবেদনের ওপর তৎকালীন একজন ডেপুটি গভর্নর হাতে লেখেন, ‘ইহা এক প্রকার নতুন ধরনের জালিয়াতি। অন্যান্য ব্যাংকেও এই ধরনের ঘটনা ঘটতে পারে বিধায় এফইআইভিডি (কেন্দ্রীয় ব্যাংকের একটি বিভাগ) বিভিন্ন ব্যাংকে আরও কিছু কেইস দৈব ভিত্তিতে পরীক্ষা করতে পারে।’বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বে-ইয়ার্ন বিটিএমএর (টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন) সদস্য। স্পিনিং মিল না থাকা সত্ত্বেও সদস্যপদ কীভাবে অর্জন করল, জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, ভবিষ্যতে মিল স্থাপন করবে—এ প্রতিশ্রুতির ভিত্তিতে এবং সমিতির নির্দিষ্ট ফি জমাদানের পরিপ্রেক্ষিতে সদস্য করার নিয়ম রয়েছে। বিসমিল্লাহ গ্রুপ সিঙ্গাপুর ও দুবাইয়ের যে দুটি প্রতিষ্ঠানের কাছে তোয়ালে রপ্তানি দেখিয়ে নগদ সহায়তা নেয়, ওই দুটি প্রতিষ্ঠানের মালিকও সোলেমান চৌধুরী নিজেই। প্রতিষ্ঠান দুটি হলো ব্যাঙ্গলুজ সিঙ্গাপুর ও ব্যাঙ্গলুজ দুবাই। প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে পাওয়া নথিপত্র অনুযায়ী খাজা সোলেমান আনোয়ার চৌধুরীই এই প্রতিষ্ঠানের পরিচালক। কোম্পানির পরিশোধিত মূলধন মাত্র ১০০ সিঙ্গাপুর ডলার। এই কোম্পানির সঙ্গে চুক্তিতে বিসমিল্লাহ রপ্তানি দেখিয়েছে তোয়ালে।ব্যাংক ও ব্যবসায়ী সূত্রগুলো থেকে জানা যায়, বছর দুয়েক আগে বাংলাদেশ থেকে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে যেসব তোয়ালে পণ্য রপ্তানি হতো, কেজিপ্রতি তার গড় মূল্য ছিল ৫ দশমিক ১০ থেকে ৫ দশমিক ৭০ ডলার। শুধু তিন-চারটি বড় কারখানা টেসকো, অটো, এইচঅ্যান্ডএম, জারা, মার্কস অ্যান্ড স্পেন্সার ইত্যাদি বিশ্বব্যাপী পরিচিত সব ব্র্যান্ডের কাছে রপ্তানি করা তোয়ালের দাম পেত গড়ে সর্বোচ্চ সাত ডলার। কিন্তু কাগজপত্রে দেখা যাচ্ছে, বিসমিল্লাহ গ্রুপের উল্লিখিত প্রতিষ্ঠানগুলো ততটা উন্নত না হওয়া সত্ত্বেও এবং নিম্নমানের যন্ত্রপাতিতে সজ্জিত কারখানাতে উৎপাদিত পণ্যের দাম পেয়েছে ৯ দশমিক ৫০ থেকে ১২ দশমিক ৫০ ডলার। আবার ক্রেতা ব্যাঙ্গলুজের বিশ্বের কোথাও চেইন শপ নেই। আর বাংলাদেশ থেকে তারা অন্য কোনো কোম্পানির কাছ থেকে তোয়ালে ক্রয়ও করত না। ফলে এই অতিরিক্ত রপ্তানি মূল্য দেখানোর উদ্দেশ্য হলো, বেশি নগদ সহায়তা হাতিয়ে নেওয়া।এ বিষয়ে যোগাযোগ করা হলে টেরিটাওয়েল অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) চেয়ারম্যান এম আনিসুজ্জামান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, বিসমিল্লাহর অতিমূল্যে রপ্তানির কিছু কাগজপত্র সমিতির কাছে এসেছিল। কিন্তু তাঁদের কাছে এত মূল্যে পণ্য রপ্তানির কোনো প্রত্যয়নপত্র নেওয়া হয়নি। এদিকে, গতকাল প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর জনতা ব্যাংক জরুরি ভিত্তিতে পরিচালনা পর্ষদের সভা করেছে। ব্যাংকের এমডি এস এম আমিনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পর্ষদে বিসমিল্লাহর ঋণ নিয়ে আলোচনার কথা জানান। এদিকে একটি সূত্র জানায়, ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে, রপ্তানি-আয় প্রত্যাবাসনের পরিমাণের ভিত্তিতেই নতুন ঋণ সৃষ্টি হবে, না হলে নতুন কোনো ঋণ নয়। গ্রুপের সামগ্রিক কার্যক্রম বিষয়ে পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সতর্ক পর্যবেক্ষণের মধ্যে থাকতে নির্দেশনা দিয়েছে।