আগের কথা না ভেবে তিনটি সেতু রক্ষা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাঁচপুর, মেঘনা, মেঘনা-গোমতী সেতুর যেকোনো একটি হঠাত্ ধসে পড়লে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বাণিজ্যিকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই আগের মন্ত্রীরা কী করল সে কথা না ভেবে অর্থনীতির লাইফ লাইন হিসেবে এ তিনটি সেতু জরুরি ভিত্তিতে রক্ষা করতে হবে। আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় ওভার লোড কন্ট্রোল সেকশন উদ্বোধনকালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কোনো কাজে রাতারাতি পরিবর্তন হয় না। আগামী সাত দিন ওভার লোড বহনকারী চালকদের সতর্ক করতে হবে। সাত দিন পর থেকে গেজেট অনুযায়ী নির্দিষ্ট ওজনের বেশি ওজনের গাড়ি থেকে জরিমানা আদায় করা হবে। এ জন্য তিনি চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে চট্টগ্রামের অলংকার মোড়, সীতাকুণ্ডু, বারইহাট, মিরসরাই, পোর্ট লিংক রোড, মহিপাল ও কুমিল্লা বিশ্বরোড মোড়ে চেকপোস্ট বসানোর জন্য চট্টগ্রাম বন্দরের ডেপুটি ট্রাফিক ম্যানেজার ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমি প্রতিশ্রুতির রঙিন বেলুন উড়াতে চাই না। আমি কাজ করে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি যোগ করতে চাই।’চার লেন প্রকল্পের কাজের অর্থসংকটের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, এ প্রকল্পের আর্থিক কোনো সংকট নেই। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করা হবে। যানজটের ব্যাপারে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্থাপনা, বিলবোর্ড ও যানবাহন পার্কিংয়ের কারণে যানজট হচ্ছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।এ সময় স্থানীয় সাংসদ সুবিদ আলী ভূঁইয়া, যোগাযোগসচিব এ এন সিদ্দিক, স্বরাষ্ট্রসচিব মঞ্জুর হোসেন, প্রশাসন ও নৌপরিবহন যুগ্ম সচিব মো. আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।